বাগমারায় সাংসদকে ঘিরে প্রার্থীদের যত শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দুই পৌরসভা—ভবানীগঞ্জ ও তাহেরপুরে মেয়র পদে একজন করে প্রার্থীকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এনামুল হক।এর মধ্যে ভবানীগঞ্জে সাংসদের সমর্থন পেয়েছেন ‘স্বশিক্ষিত’ গোলাম মোস্তফা (হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে এই শব্দ উল্লেখ করেছেন)। আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের কাছে এটা পছন্দ না হওয়ায় তাঁরা নির্বাচনে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আর তাহেরপুর পৌরসভায় সাংসদের সমর্থন পেয়েছেন আবু বক্কর মৃধা। এখানেও আওয়ামী লীগের একাংশ এই মনোনয়নের বিরোধিতা করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে পাল্টা প্রার্থী করেছে।এদিকে নিজ পছন্দের দুই প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে সাংসদ এনামুল হক বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের অঙ্গীকার ও শীতবস্ত্র বিতরণসহ নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সাংসদের নানা ‘তৎপরতায়’ উভয় পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বেশির ভাগ মেয়র পদপ্রার্থী। একাধিক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও করেছেন।ভবানীগঞ্জ: ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ এনামুল হক তাঁর দলের সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফার পক্ষে প্রচার চালানোর সময় ভোটারদের নগদ অর্থ প্রদানসহ কম্বল, কাপড়চোপড় বিতরণ করছেন। সম্প্রতি তিনি শিবজাইট এলাকায় জনসভা করে পানি সরবরাহের জন্য পাঁচ লাখ টাকা, রামকৃষ্ণ হিন্দুপাড়ায় মন্দির সংস্কার, পাহাড়পুর ঋষিপাড়ায় মন্দির সংস্কার ও উত্তর একডালা ঋষিপাড়া মন্দির সংস্কারের জন্য প্রতিটিতে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।রিটার্নিং কর্মকর্তা এ এস এম আবু হুরায়রা প্রথম আলোকে বলেন, ‘আমি ওনাকে (সাংসদ এনামুল) জানিয়েছি, এসব আর করতে পারবেন না। উনিও আমাকে কথা দিয়েছেন, এসব আর করবেন না।’সাংসদ এনামুল হক প্রথম আলোর কাছে মন্দিরে অনুদান দেওয়ার প্রতিশ্রুতির কথা অস্বীকার করেছেন। তবে তিনি কম্বল বিতরণের কথা স্বীকার করে বলেন, তিনি প্রতিবছরই এমন শীতবস্ত্র বিতরণ করে থাকেন।স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতারা জানান, এনামুল হক প্রকাশ্যেই তাঁর প্রার্থীর পক্ষে নানা অনুদান দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন। বাগমারা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের একজন জ্যেষ্ঠ নেতাও একই তথ্য দেন।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এবার পৌরসভা নির্বাচনে জনসভা ও শোভাযাত্রা করা অবৈধ। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীগঞ্জের সূর্যপাড়ায় মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফার বাড়ির প্রাঙ্গণে সমাবেশ করেন সাংসদ এনামুল। সমাবেশ শেষে জনতার মধ্যে খাবার বিতরণ করা হয়।গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘গ্রামের মানুষ তো। বুঝেনই তো, কিছু খেতে দিতে হয়।’এই সমাবেশে সাংসদ এনামুল হকের গাড়ির সঙ্গে ছিল পুলিশের আরেকটি গাড়ি। অথচ নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন ও অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারের কর্মকর্তা-কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেন না।’তাহেরপুর: তাহেরপুর পৌরসভায় মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি-সমর্থিত প্রার্থী আবু নঈম শামসুজ্জামান, জামায়াত-সমর্থিত প্রার্থী সাদুিজ্জামান মীর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহেদুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সাংসদ এনামুল হক গত বুধবার তাঁর সমর্থিত প্রার্থী আবু বক্কর মৃধার পক্ষে ভোট চাইতে তাহেরপুরে আসেন। এ সময় সাংসদ তাহেরপুর উচ্চবিদ্যালয়ে পাঁচটি কম্পিউটার ও পাঁচ লাখ টাকা অনুদান এবং স্থানীয় ব্রহ্মা মন্দির, আটচলা গোবিন্দ মন্দির ও গৌরাঙ্গ আখড়ায় দুই লাখ করে টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।এ ব্যাপারে জানতে চাইলে তাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘আমাদের স্কুল বাগমারা উপজেলায় জেএসসি পরীক্ষায় প্রথম হয়েছে। সাংসদ এলাকায় এলে উনার কাছে ছাত্ররা কিছু দেওয়ার দাবি জানায়। তখন তিনি পাঁচটি কম্পিউটার দেওয়ার অঙ্গীকার করেন। আর স্কুল ভবনের কাজ অর্ধেক করে টাকার অভাবে করা যাচ্ছে না। আমরা বিষয়টি জানালে তিনি সব হিসাব করে দেখলেন পাঁচ লাখ টাকা লাগবে। এই টাকাটাও তিনি দেবেন বলেছেন।’ব্রহ্মা মন্দির ও আটচলায় গিয়ে কথা হয় স্থানীয় অধিবাসী সবল চন্দ্র সাহার সঙ্গে। তিনি বলেন, ‘তিনি (স্থানীয় সাংসদ) বলেছেন দুই লাখ টাকা দেবেন। যে-ই পাস করুক, এটা তিনি দেবেন।’তিলিপাড়ায় গৌরাঙ্গ আখড়ায় গেলে স্থানীয় গোপাল চন্দ্র দাস বলেন, ‘তিনি (সাংসদ) বলেছেন, “মন্দিরে দুই লাখ টাকা দেব। আমার প্রার্থীকে ভোট দেবেন”।’বিএনপি-সমর্থিত প্রার্থী আবু নঈম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। একজন সাংসদ যখন আচরণবিধি লঙ্ঘন করে এভাবে প্রতিশ্রুতি দেন, তখন নির্বাচন প্রভাবিত না হয়ে পারে না। এ কারণে আমরা আশঙ্কিত।’আরেক প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গত ৩০ ডিসেম্বর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাংসদের ‘মনোনীত’ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সাংসদের সমর্থিত প্রার্থী আবু বক্কর মৃধা বহিরাগত লোক নিয়ে রাতে গ্রামে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। প্রতিদিন তাঁর সমর্থনে মোটরসাইকেল মিছিল বের হয়। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অনুরোধ করেছেন আবুল কালাম আজাদ।রিটার্নিং কর্মকর্তা এ এস এম আবু হুরায়রা প্রথম আলোকে জানান, তিনি মেয়র পদপ্রার্থী আবু বক্কর মৃধার সঙ্গে কথা বলেছেন। প্রার্থী তাঁর কাছে অঙ্গীকার করেছেন, এ রকম আর হবে না।সাংসদের বক্তব্য: প্রথম আলোর সঙ্গে আলাপকালে সাংসদ এনামুল হক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট। এমপি সাহেব প্রচারে গেলে বিপক্ষের প্রার্থীর অবস্থা খারাপ হয়ে যাবে, এই আশঙ্কায় এসব অভিযোগ করছেন তাঁরা।’তবে কম্বল বিতরণের কথা স্বীকার করে সাংসদ বলেন, ‘আমি এ বছরই প্রথম কম্বল বিতরণ করছি না। প্রতিবছরই পৌরসভার সীমানার বাইরে শিকদারিতে আমার কোল্ড স্টোরেজে কম্বল বিতরণ করা হয়। আজও (বৃহস্পতিবার) সেখানে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।’প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, ‘তফসিল ঘোষণার পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষ হতে অন্য কোনো ব্যক্তি নির্বাচন/পূর্বসময়ে তাঁর নির্বাচনী এলাকা বা অন্য কোনো এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা/অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না।’সংশোধনী: গতকাল প্রথম আলোতে ‘আ.লীগের ২৫, বিএনপির ২১ নেতা প্রার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদে একটি তথ্যগত ভুল হয়েছে। প্রতিবেদনের শেষ অনুচ্ছেদের আগের অনুচ্ছেদে লেখা হয়েছে, ‘নাদিম মোস্তফা জানান, দুর্গাপুর পৌরসভায় তাঁরা সাইদুর রহমানকে মেয়র পদে প্রার্থী করেছেন। কিন্তু মিনুপন্থী নেতা আবু সাঈদ সেখানে আকবর আলীর পক্ষে কাজ করছেন।’নাদিম মোস্তফা জানিয়েছেন, প্রকৃতপক্ষে এটা হবে, দুর্গাপুর থেকে বিএনপি এস এম আকবর আলীকে মেয়র পদপ্রার্থী করেছে, সাইদুর রহমানকে নয়।