বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ লাল পতাকার প্রধান রতন নিহত
চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) প্রধান ও তাত্ত্বিক নেতা আলিমুল ইসলাম ওরফে রতন ওরফে তিতাস (৩৯) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের তাঁতীপাড়ায় এ ঘটনা ঘটে।র্যাব ও পুলিশের ভাষ্যমতে, নিহত রতন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) প্রধান ও তাত্ত্বিক নেতা ছিলেন। তাঁর বাড়ি রামরামা গ্রামে। র্যাব ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। র্যাবের বাগমারা ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুুপার (এএসপি) শাহজাহান আলীর ভাষ্যমতে, ঈদ উপলক্ষে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্যদের মধ্যে অর্থ বণ্টনের জন্য শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে বুধবার দিবাগত রাতে রামরামা গ্রামের তাঁতীপাড়ার একটি আমবাগানে চরমপন্থীদের বৈঠক হয়। এ খবরে র্যাবের বাগমারা ক্যাম্পের একটি দল রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ১৫-২০ মিনিট গুলিবিনিময় হয়। এ সময় র্যাবের এক সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এলে তাদের সহযোগিতায় চরমপন্থী নেতা রতনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। র্যাব কর্মকর্তা শাহজাহান জানান, বন্দুকযুদ্ধের পর চরমপন্থীদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান, পিস্তলের চারটি গুলি, একটি রামদা, একটি বড় ছুরিসহ বিপুল পরিমাণ প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের বাগমারা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম গত বৃহস্পতিবার অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত চরমপন্থীদের আসামি করে মামলা করেছেন। র্যাব-৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালকের লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রতন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) প্রধান ও তাত্ত্বিক নেতা। এর আগে বন্দুকযুদ্ধে চরমপন্থীদের তাত্ত্বিক নেতা তপন মালিথা, কামরুল মাস্টার ও ডাক্তার টুটুল নিহত হন। রতনের মৃত্যুর মধ্য দিয়ে লাল পতাকার একটি যুগের অবসান হয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, রাজশাহী অঞ্চলে রতনের হাত ধরে চরমপন্থার প্রসার ঘটে। এর আগে গ্রেপ্তার হওয়া চরমপন্থীরা এ তথ্য দিয়েছে এবং তাদের নেতা হিসেবে রতনের নাম বলেছে। ওসি হারুন জানান, রতনের বিরুদ্ধে তাহেরপুরে পুলিশ হত্যা, জাহাঙ্গীর চেয়ারম্যান, জাপা নেতা আবুল হোসেন, মোনাক্কা, আলো খন্দকার, মমতাজ খামারু, বাবুল মেম্বারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় অন্তত ২০টি হত্যা মামলা রয়েছে। বাগমারা থানায় তাঁর বিরুদ্ধে ছয়টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিএনপির নেতা ওয়াহেদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন তিনি।রতনের উত্থান: রাজশাহীর বাগমারা, বোয়ালিয়া ও দুর্গাপুর; নওগাঁর আত্রাই, রানীনগর ও মান্দাসহ আশপাশের এলাকার অনেক লোকজনের কাছে রতন ছিলেন আতঙ্কের নাম। ব্যবসায়ী, জনপ্রতিনিধি, র্যাব, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মেধাবী ছাত্র রতন বিএসসি পাস করার পর ১৯৯৭ সালে ডাক্তার টুটুলের হাত ধরে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে (এমএল) যোগ দেন। ২০০৩ সালে ওই সংগঠন দুই ভাগ হলে রতন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে (এমএল-লাল পতাকা) যোগ দেন। তাঁর নেতৃত্বে রাজশাহী অঞ্চলে লাল পতাকার প্রসার ঘটে এবং একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একসময়ে পুলিশ রতনসহ ২৩ চরমপন্থীর নাম প্রকাশ করলে রতন আত্মগোপনে চলে যান। পরে বন্দুকযুদ্ধে ডাক্তার টুটুলের মৃত্যুর পর লাল পতাকার হাল ধরেন তিনি।