বাগরাম ন্যাটো ঘাঁটিতে তালেবানদের হামলা: সাত জঙ্গি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ন্যাটোর সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরামে আজ বুধবার ভোর হওয়ার আগেই আত্মঘাতী বোমা হামলাকারীদের রকেট ও গ্রেনেড হামলায় সাত গেরিলা নিহত ও ছয় বিদেশি সেনাসদস্য আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ন্যাটো সেনাবাহিনীর একটি গাড়িবহরে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় ১২ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন মার্কিন সেনাসদস্যসহ ছয়জন বিদেশি সেনা নিহত হন।আজ ভোর হওয়ার আগে তালেবানরা বাগরাম ঘাঁটির ফটকে আত্মঘাতী এ হামলা চালায়। এ সময় ঘাঁটির ভেতরে বিক্ষিপ্তভাবে গুলি ও রকেট নিক্ষেপ করা হয়।ন্যাটো জানায়, একটি রকেট বাগরাম ঘাঁটির অভ্যন্তরে পতিত হলে সামান্য ক্ষতি হয়। তবে কোনো জঙ্গি ঘাঁটির অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। হেলিকপ্টার-গানশিপ আকাশ থেকে ঘাঁটিটি নজরদারি করছে।বাগরাম সেনাঘাঁটির মুখপাত্র লে. কর্নেল ক্লারেন্স কাউন্টস বলেন, ঘাঁটিতে যেকোনো আক্রমণ মোকাবিলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আজ সকালে তালেবানদের আক্রমণেরও উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।তালেবান দাবি করছে, তাদের চারজন হামলাকারী ঘাঁটির ফটকের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায়। অন্যরা ঘাঁটির অভ্যন্তরে প্রবেশ করে।আফগানিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লুতফুল রহমান বলেন, নিরাপত্তাকর্মীরা এক বোমা হামলাকারীকে খুঁজছে।—রয়টার্স