বাগান আছে, সিলেটি কমলা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলের সুস্বাদু কমলার ফলন ও মান বাড়াতে ২০০১ সালে ‘বৃহত্তর সিলেট সমন্বিত কমলা চাষ উন্নয়ন প্রকল্প’ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আট বছর মেয়াদি প্রকল্পে সিলেট বিভাগের চার জেলায় আট হাজারেরও বেশি কমলার বাগান করা হয়। রোপণ করা হয় বরিশাল থেকে আনা চারা। ছোট্ট কমলার চারা আজ বড় হয়েছে। বাগানগুলো এখন কমলায় ভরে ওঠার কথা। তা হয়নি। কমলার ফলন ও আকার দুটোই অনেক কমে গেছে।‘আগে বাড়ির উঠানও গাছ রইলেই পাতায় পাতায় কমলা ধরত। এ কমলার নাম আছিল সিলেটি কমলা। বাজারে তুললে এক টানেই ফুরাইত। তারা (কৃষি বিভাগ) শিখাইয়া দেওয়ার পর থাকি বিনাশ অই গেল। গাছ বাড়লেও কমলা তো ধরে না! কেনে ধরে না তারাও কইতে পারে না।’ বলছিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের কমলাচাষি নূর মিয়া। নিজপাটের মতো সিলেটের বিয়ানীবাজার ও গোয়াইনঘাট, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বেশির ভাগ বাগানে কমলার ফলন খারাপ হচ্ছে বলে চাষিরা অভিযোগ করেছেন। কমলার আকারও হচ্ছে অনেক ছোট। এর চেয়ে নিজেদের চিরাচরিত পদ্ধতিতে চাষ করলে অনেক ভালো ফলন হতো বলে চাষিদের মত।কমলা চাষ উন্নয়ন প্রকল্প: ২০০১ সালের জুলাই থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত প্রকল্পের প্রথম পর্যায় পরিচালিত হয়। চার জেলায় ২৫০টি বাগান তৈরির স্থান নির্ধারণ এবং পাঁচ হাজার কমলাচাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০০৬ সালের জুলাই থেকে চাষিদের বাগান সংরক্ষণ প্রশিক্ষণ দিয়ে বরিশাল থেকে আনা কমলার চারা বিতরণ করা হয় এবং তা রোপণ শুরু হয়। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০০৮ সালের জুন পর্যন্ত। অবশ্য বিয়ানীবাজারে প্রকল্পের শুরু থেকেই বাগান করা হয়। সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য একজন সমন্বয়কারী নিযুক্ত করে সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকায় প্রকল্প পর্যবেক্ষণের বাড়তি দায়িত্ব পালন করেন।প্রকল্প সূত্র জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পক্ষ থেকে চাষিদের কমলার চারা বিতরণ করা হয়। চারা কেনা বাদে তা বিতরণ, বাগান পর্যবেক্ষণ, চাষিদের প্রশিক্ষণসহ আট বছরে প্রকল্পে প্রায় ৪২ লাখ টাকা ব্যয় হয়। যোগাযোগ করা হলে প্রকল্প গোটানোর আগ পর্যন্ত সমন্বয়কারীর দায়িত্ব পালন করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক মতিউর রহমান বলেন, ‘তাঁর মেয়াদে দুই বছরে কমলা বাগান পর্যবেক্ষণ ও চাষিদের প্রশিক্ষণ খাতে সাত লাখ টাকার মতো খরচ হয়। এর আগে কত খরচ হয়েছে, তা তাঁর জানা নেই।’‘কমলাফুলির ঘর’ শূন্য: ‘কমলাফুলি, কমলাফুলি/কমলা লেবুর ফুল/...কোথায় থাকো কমলাফুলি/সিলেট আমার ঘর...।’ ছোটদের পাঠ্যসূচির সহপাঠের ছিল জনপ্রিয় এ ছড়া। দেশে কমলার জন্য বিখ্যাত সিলেট। আর তার মধ্যে বিখ্যাত জেলার বিয়ানীবাজারের জলঢুপ পাড়িয়াবহরের কমলা। জলঢুপে উৎপাদিত কমলা স্বাদে-গন্ধে অতুলনীয়। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্রি হয় জলঢুপি কমলা। এখন খোদ বিয়ানীবাজারের ফলের বাজারেও জলঢুপি কমলার দেখা মেলা ভার। প্রকল্পের অন্তর্ভুক্ত বিয়ানীবাজারের কমলাচাষি আবদুল ওয়াহিদ জানান, তিন-চার বছর থেকে কমলার আশানুরূপ ফলন হচ্ছে না। এ বছর গাছে যে রকম ফুল ফুটছিল, সে রকম ফলন হয়নি। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ফুল ঝরে পড়ে।এক বাগানে মাত্র তিন কমলা: সরেজমিন ঘুরে কমলার বাগানের দেখা মেলে বিয়ানীবাজার উপজেলার পাড়িয়াবহর, চন্দ্রগ্রাম, জলঢুপ, ভোগগ্রাম, বাঘন ও সিলেটের গোয়াইনঘাটের নলজুর, পূর্ব জাফলং ও জৈন্তাপুরের নিজপাট, মোকামপুঞ্জিতে। এ যেন কমলার বাগান নয়, কিছু জীবিত আর মৃত গাছের সাজানো বাগান। পাড়িয়াবহর গ্রামে রউফ মিয়ার একটি বাগানে কমলার গাছ দুই শতাধিক। এবার এই বাগানে তিনটি গাছে মাত্র তিনটি কমলা এসেছে। চন্দ্রগ্রামের কমলাচাষি মাকসুদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘কমলা উন্নয়ন প্রকল্পের নামে প্রতারণা করা হয়েছে। এতে পেশাদার চাষিরা সর্বস্বান্ত হয়ে কমলা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।’গলদ চারায়: প্রকল্পের আওতাধীন কমলা বাগানগুলোতে কতটি চারা রোপণ করা হয়েছে, প্রকল্পে তার কোনো পরিসংখ্যান নেই। ‘ব্লক প্রদর্শনী’ নামের ওই বাগানগুলোর প্রতিটির গড় আয়তন শূন্য দশমিক পাঁচ হেক্টর এবং প্রতিটিতে চারার সংখ্যা ধরা হয়েছিল ৩১৫টি। আর ‘বসতবাড়ি প্রদর্শনী’ নামের গুচ্ছ বাগানে প্রতিটিতে চারার সংখ্যা ১০টি। এ হিসাবে বৃহত্তর সিলেটের ১২ উপজেলায় ৭১৮টি কমলার বাগান এবং বসতবাড়িতে আট হাজারেরও বেশি বাগান রয়েছে বলে প্রকল্পে উল্লেখ করা হয়েছে। তবে কী পরিমাণ কমলার উৎপাদন হয়েছে তার হিসাব প্রকল্পের সাবেক কর্মকর্তাদের কাছে নেই। জৈন্তাপুরের মুকাপুঞ্জি এলাকার কমলাচাষি আবু বক্কর জানান, তাঁরা ৩০ জনের দলে তিন দিন প্রশিক্ষণ নিয়ে কৃষি বিভাগের বাছাই করে দেওয়া বাগানে চারা রোপণ করেন। প্রতি বাগানে ১০০টি করে চারা রোপণ করা হয়। দেখা গেছে, ছয় মাসের মধ্যে অধিকাংশ মরে গেছে। প্রশিক্ষণের সময় তাঁদের (কৃষি কর্মকর্তা) দেওয়া কথায় আর রোপণ করার পর গাছের চারায় বিস্তর ফারাক দেখা দেয়। আবু বক্কর ক্ষোভের সঙ্গে বলেন, ‘কথায় আছে সিলেটে কমলা আর বরিশালে আমড়া। কৃষি বিভাগ বরিশাল থাকি চারা আনল, আমড়া দিয়া কেমনে কমলা অইব?’প্রকল্পের সাবেক কর্মকর্তাদের বক্তব্য: সমন্বিত কমলা চাষ প্রকল্পের স্থানীয় সমন্বয়কারীর দায়িত্বে থাকা বিয়ানীবাজারের উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম জানান, কমলার বাগানগুলোতে আন্তপরিচর্যার অভাব রয়েছে। সহযোগিতা পান না বলে চাষিরা যে অভিযোগ করেছেন, তা সত্য নয়।প্রকল্প গোটানোর আগ পর্যন্ত সমন্বয়কারীর দায়িত্ব পালন করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক মতিউর রহমান প্রকল্পের বর্তমান অবস্থার জন্য দুটো কারণ চিহ্নিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, দুটো কারণের একটি হচ্ছে, নতুন বাগান তৈরিতে চারা চয়ন পদ্ধতিতে ভুল ছিল। বরিশাল থেকে চারা আনায় মূলত পরিবহনের ক্ষেত্রে সমস্যা হয়েছে। দেখা গেছে বরিশাল থেকে সিলেটে আনার ক্ষেত্রে অনেকগুলো মরে গেছে। প্রকল্পের গোড়াতেই এটি একটি গলদ। দ্বিতীয়ত, সমন্বিত প্রকল্পের তদারকিতে বারবার সমন্বয়কারী বদল বিষয়টি সমন্বয়হীনতার সৃষ্টি করেছে। মতিউর রহমান বলেন, ‘আট বছর পর প্রকল্প গোটানো হলেও ফল যে খুব ভালো হয়েছে, তা কিন্তু নয়। এ জন্য আমি মনে করি পর্যবেক্ষণটা যথার্থ হয়নি। প্রকল্পের সামগ্রিক ফলাফল সম্পর্কে কৃষি মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে। শিগগিরই আমরা লিখিত আকারে সার্বিক অবস্থা তুলে ধরব।’