জাতীয় সংসদ ভবনের সামনে বিকেলবেলায় সময় পেলেই ঘুরতে আসেন ধানমন্ডির শর্মিলা আহমেদ। গত শুক্রবারও এসেছিলেন। ঘুরতে এসেই তাঁর শখের জিনিসের খোঁজ পেয়ে যান। শর্মিলার শখ হলো বারান্দার ফাঁকা জায়গাটুকু ছোট ছোট গাছের চারা দিয়ে ভরানো। ঘুরতে এসে গাছের চারা পেয়ে তিনি উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এ রকম আয়োজনের কারণে বাছাই করে ভালো ও সুন্দর চারাটি কিনতে পারছি।’ গাছের চারা নিয়ে তিনি বাসায় ফিরে যাচ্ছিলেন।জাতীয় সংসদ ভবনের খেজুরবাগানের সামনের অংশে মানিক মিয়া এভিনিউয়ের ফুটপাতে বসেছে ‘বৈশাখী বৃক্ষ ও বাগান মেলা ২০১১’। আয়োজন করেছে ‘বাংলাদেশ প্ল্যান্ট নার্সারিমেন সোসাইটি’র ঢাকা মহানগর শাখা।জাতীয় সংসদ ভবনের খেজুরবাগানের সামনে ফুটপাতটি এখন পরিণত হয়েছে গাছের বাগানে। বাহারি সব ফুল আর ফলের চারায় সেই পথের সৌন্দর্য বেড়ে গেছে। তাই বৃক্ষপ্রেমীরা এলেই পাচ্ছেন প্রকৃতির সান্নিধ্য। বৈশাখে এই জায়গায় প্রথমবারের মতো বৃক্ষ মেলার আয়োজন হলেও প্রকৃতিপ্রেমীদের ভিড় কিন্তু কম নয়। শুধু যে বড়রাই এসেছেন, তা-ই নয়; মেলায় বড়দের হাত ধরে এসেছে ছোটরাও। ধানমন্ডির বাসিন্দা রেজওয়ানুল হক তাঁর দুই নাতিকে নিয়ে এসেছেন। তিনি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তাঁর নাতিদের। তারাও প্রফুল্ল মনে দেখছিল গাছের চারা। রেজওয়ানুল হক বলেন, ‘ঢাকা শহরে যারা বড় হচ্ছে, তাদের বেশির ভাগই গাছ চেনে না। বইয়ের পাতা ছাড়া সামনে থেকে দেখার সুযোগ কই। মেলার আয়োজন করায় আমরা গাছগুলো তাদের দেখাতে পারছি, আবার কিনতেও পারছি।’মেলায় ঢাকা নগরের পাশাপাশি দেশের অন্যান্য এলাকার বেশ কয়েকটি নার্সারিও অংশ নিয়েছে। তাই নানা জাতের গাছের চারা মিলছে সহজেই। দেশি গাছ তো আছেই, আছে বিদেশি গাছের চারাও। সাজিয়ে রাখা টবের ছোট ছোট গাছে যে ফল ঝুলছিল, তা বেশ লোভনীয়। বিশেষ করে ফলের রাজা আম। ল্যাংড়া, ফজলিসহ কত জাতের আম যে থোকায় থোকায় ঝুলছে গাছের চিকন ডালে! গাছের আমগুলো দেখতে পথচারীরাও থমকে দাঁড়ায়। শুধু কি আম? পেয়ারা, কামরাঙা, লটকন, আঙুর, আমড়া, সফেদা, কমলা, আতাসহ বিভিন্ন ফলের গাছ পাওয়া যাচ্ছে এ মেলায়। ফলের মতো ফুলের চারাও রয়েছে হাজার রকমের!ক্যাকটাস, বনসাই, সাইকাস, মার্জেন্টিনা, এডেনিয়াম, এয়ার প্ল্যান, অর্কিড, আইভিলতাসহ বিদেশি বিভিন্ন গাছের চারা মিলছে এখানে। এসব গাছের চারা কিনে নিয়ে যাচ্ছেন অনেক দর্শনার্থী।শত শত গাছ রয়েছে রকমারি নকশার সব টবের মধ্যে। মাটির টবের পাশাপাশি রয়েছে সিরামিকস, কাঠ, বাঁশের তৈরি মনকাড়া সব টব। ছোট-বড় বিভিন্ন আকারের এসব টবে ঠাঁই পেয়েছে গাছগুলো। আবার পাট দিয়ে তৈরি শিকের মতো একধরনের পাত্রও দেখা গেছে, যেটায় ঝুলছিল এয়ার ব্রাশ নামের এক প্রকার গাছ।মেলায় আবার শুধু টবের একটা স্টলও রয়েছে। মাটিতে রাখার জন্য কিংবা ঝুলিয়ে রাখার জন্য হরেক রকমের টব এখানে দেখা গেল। এখানে গাছের মতো টব বাছাইয়ের সুযোগটাও রয়েছে। তাই যাঁরা টব ছাড়াই গাছ কিনছেন, তাঁরা এখান থেকেই নিজের পছন্দমতো একটা টব কিনে নিচ্ছেন।আবার পুরো একটা বাগান করতে যা যা দরকার, অর্থাৎ গাছের চারা থেকে শুরু করে চারা লাগানোর টব, সার, কীটনাশক, গাছের পরিচর্যা করার বিভিন্ন উপকরণ, গাছবিষয়ক বই—সবই পাওয়া যাচ্ছে এই বৃক্ষ ও বাগান মেলায়।বৃক্ষপ্রেমী আর প্রকৃতিপ্রেমী যা-ই হোন না কেন, গাছের খোঁজে এখনই ছুট লাগান। কেননা আজ রাত নয়টায় বন্ধ হচ্ছে এই বৃক্ষ ও বাগান মেলার দুয়ার।