বাগানে ঝুমকোলতা, পাহাড়ে প্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ তো ঝুমকোলতার ফুল। প্যাশন ফলের ফুল হতে যাবে কেন?’ এ রকম সন্দেহের কথা অনেকেই ফোন করে জানিয়েছিলেন প্রথম আলোর কার্যালয়ে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সম্প্রতি বিদেশি ফল প্যাশনের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফল আর ফুলের ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গত ২৪ জুন।পাঠকের সন্দেহ যে একেবারে অমূলক, তা-ও বলা যায় না। প্যাশন ফল আর ফুলের ছবি ছাপা হয়েছিল আলাদা করে। আর ফুলটি, এমনকি পাতাগুলো পর্যন্ত প্রায় হুবহু মিলে যায় ঝুমকোলতা ও তার ফুলের সঙ্গে। দুটি ফুল পৃথক করে দেখলে চট করে তাদের আলাদা বলে চেনা একটু মুশকিলই।পাঠকদের সন্দেহ ভঞ্জন করতে খাগড়াছড়ির কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাগান থেকে এবার ফুল ও ফলসহ প্যাশনলতার ছবি তুলে পাঠালেন আমাদের খাগড়াছড়ির আলোকচিত্রী নীরব চৌধুরী। এদিকে ঢাকায় রমনা উদ্যানে আরবরিকালচার বিভাগের বাগানে খোঁজ নিয়ে দেখা গেল, সেখানেও ফুল ফুটেছে ঝুমকোলতার। সেই ফুলের ছবি আনলেন আলোকচিত্রী জাহিদুল করিম। পাশাপাশি রেখে মিল-অমিলের ভেদ যতটা পাওয়া গেল, বিস্ময় আর আনন্দও তার চেয়ে কম হলো না। ছবি দুটো এবার ছাপিয়ে দেওয়া হলো। মিল-অমিল খুঁজতে গিয়ে নিসর্গ-অনুরাগী পাঠকেরাও বিমল আনন্দ লাভ করবেন আশা করি।তা, ব্যাপারটা কেমন করে এমন হলো? উদ্ভিদবিদ্যার বইপুস্তক ঘেঁটে দেখা গেল, ঝুমকোলতা আর প্যাশন একই পরিবারভুক্ত উদ্ভিদ। নাম ‘প্যাসিফ্লোরেসি’। এরা লতাজাতীয় উদ্ভিদ। এ পরিবারে অনেক প্রজাতি আছে। এর মধ্যে ‘প্যাসিফ্লোরা’র একটি প্রজাতিতে বৃত্তাকার ফল হয়। এটিই প্যাশন ফল, যা আমাদের এখানে ‘ট্যাং ফল’ নামেও পরিচিত হয়ে উঠেছে। কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় তাঁরবাংলার বিচিত্র ফল বইতে লিখেছেন, ফলটির ইংরেজি নাম Passion fruit। এ লতাটি তার অবলম্বনকে নিবিড়ভাবে জড়িয়ে থাকে বলেই বিজ্ঞানীরা এ নামকরণ করেছেন। এর বৈজ্ঞানিক নাম Passiflora edulis var. flavicarpa। খাগড়াছড়ির কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, তাঁরা পাহাড়ে প্যাশন ফল চাষে কেবল সফলই হননি, এ দেশের আবহাওয়ার উপযোগী একটি জাতও উদ্ভাবন করেছেন বারি প্যাশন-১ নামে (এ-সংক্রান্ত বিস্তারিত আগের প্রতিবেদনে ছাপা হয়েছে)।এবার প্রসঙ্গ ঝুমকোলতার। এর ফুলের একটি নাম ‘শঙ্খচক্রগদাপদ্ম’! বৈজ্ঞানিক নাম Passiflora caerulea। সারা বিশ্বেই প্যাসিফ্লোরেসি পরিবারের এ লতাগুলো তাদের নান্দনিক আকার-আকৃতি ও ফুলের মনোহর রূপ-লাবণ্যের কারণে সমাদৃত। বাগানে বাগানে তাদের সযতন পরিচর্যা। ঝুমকোলতায় রচিত তোরণ বাগানের শোভায় যোগ করে বাড়তি মাত্রা। বিশেষত বর্ষায় বৃষ্টিভেজা নিবিড় সবুজ লতার পটভূমিতে গাঢ় বেগুনি-সাদা বিচিত্র গড়নের ফুলগুলোর দিকে তাকালে মুগ্ধ না হয়ে পারা যায় না।নিসর্গী দ্বিজেন শর্মা তাঁর ফুলগুলি যেন কথা বইতে উল্লেখ করেছেন, প্যাসিফ্লোরা প্রজাতিটির আদি নিবাস ব্রাজিলে। প্যাশন ফল এসেছে হাল আমলে, কিন্তু ঝুমকোলতার এ দেশে অভিযোজন বহুকালের। শঙ্খচক্রগদাপদ্ম নামটিও নিশ্চয় তার একটি প্রমাণ। চিরসবুজ ঘন পল্লব সন্নিবেশিত লতা। সে কারণেই বাগানের তোরণের জন্য আদর্শ। ঝুমকোলতা আর প্যাশনের পাতার গড়ন একই রকম। পাতায় তিন থেকে পাঁচটি বিভক্তি। বর্ষা ছাড়া গ্রীষ্মেও ঝুমকোলতার ফুল ফোটে। তবে বর্ষাতেই ফুলের আধিক্য। বৃষ্টিভেজা হাওয়ায় মিষ্টি সৌরভ ছড়িয়ে ফুলগুলো জানিয়ে দেয় তাদের ফুটে ওঠার বার্তা। শিকড় থেকে সহজেই এর চারা গজায়। নার্সারিগুলোতে চারা কিনতেও পাওয়া যায়। টবেও লাগানো যায়। ঝুমকোলতার ফল নেই, তবে বাড়িতে আনলে রূপে-সৌরভে সে বঞ্চিত করবে না নিসর্গানুরাগীদের।