বাগানের শোভা কলকে ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের সব অঞ্চলেই কলকে ফুল দেখা যায়। চিরসবুজ ক্ষুদ্র বৃক্ষে হলুদ, গেরুয়া, সাদা—এই তিন রঙের সজীব ফুল সত্যিই মোহনীয়। বৈজ্ঞানিক নাম Thevetia neriifolia/Thevetia peruviana। এই ফুল করবী ফুলের (Apocynaceae) পরিবারভুক্ত।কলকে ফুলের আদি নিবাস মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায়। সে কারণে এর নাম Mexican Oleander। বিশেষত উদ্ভিদবিদ্যা ও এমবিবিএস পর্যায়ের শিক্ষার্থীদের কাছে এই গাছ Yellow Oleander নামে পরিচিত। এমবিবিএস কোর্সে ফরেনসিক মেডিসিনে এই গাছের বিষয়ে পড়ানো হয়।কাণ্ড নরম কাষ্ঠল। চিরল চিরল সরু পাতা। লম্বায় ৮-১০ সেন্টিমিটার। শাখার চারপাশ থেকে চিকন সজীব পাতা এমনভাবে সাজানো থাকে, মনে হয় প্রতিটি শাখাই যেন ফুলদানিতে রাখা একেকটি ফুলের তোড়া। এ গাছে ফুল যদি নাও ফুটত, তবু পাতার সৌন্দর্যে ও সজীবতায় বাগানে জায়গা করে নিতে কলকেগাছের কষ্ট হতো না।ফরাসি পাদরি ও অভিযাত্রীর দেওয়া নামানুসারে ফুলটির গণ এবং প্রাপ্তিস্থল পেরুর নামানুসারে এর প্রজাতির নামকরণ করা হয়েছে। গাছ উচ্চতায় চার থেকে ছয় মিটার পর্যন্ত হতে পারে। বড় টবে এই গাছ লাগিয়ে বছরের পর বছর সজীবতায় বাঁচিয়ে রেখে ফুল ও ফল পাওয়া যায়।ফুল দেখতে কলকের মতো বলেই এর নাম বোধ করি কলকে ফুল। ফুল লম্বায় ছয় সেন্টিমিটার পর্যন্ত হয়। ফুলের গোড়ার এক-তৃতীয়াংশ সিলিন্ডার আকৃতির এবং বাকি অংশ ফানেল আকৃতির। সারা বছর গাছে ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় প্রস্ফুটন সবচেয়ে বেশি। ফুল গন্ধহীন। প্রতিটি ফুলে পাঁচটি পাপড়ি থাকে। হলুদ রঙের ফুলের গাছ বেশি দেখা যায়।ফুল থেকে ফল হয়। ফলের রং গাঢ় সবুজ। ফলের ভেতর একটি মাত্র শক্ত বীজ থাকে। এই বীজকে Lucky nut বলা হয়। বীজ বিষাক্ত। পাকস্থলী ও হূৎপিণ্ডের জন্য বীজ ভীষণ ক্ষতিকারক। গাছের কাণ্ড ও শাখা-প্রশাখা ছিঁড়লে দুধের মতো আঠালো রস বের হয়। এই রস ছত্রাক ও জীবাণুনাশক। গাছের শেকড়ের ভেষজ গুণ রয়েছে। বীজে Glycoside যেমন—Thevetin, Cerberin ও Thevetoxin আছে।পরিপক্ব ফল ও শাখা কলম থেকে গাছ হয়। পরিপক্ব ফল মাটিতে রোপণ করলে এক-দুই মাসের মধ্যে চারা গজায়। সৌন্দর্য ও সবুজ বনায়ন, ভেষজ গুণ, ছত্রাক ও জীবাণুুনাশক এবং পাঠ্যবিদ্যার সহায়ক হিসেবে এই গাছ লাগানো যেতে পারে।লেখক: সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর[email protected]