বাগিচায় বুলবুলি তুই...
বেচারাম দেউড়ির পায়রা চত্বর এলাকায় চোখে পড়ল পুরোনো একটা বটগাছ। বটগাছটির শেকড় দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে। তাতে এলাকাবাসী লাগিয়েছে লাল রং। সেই দেয়ালে আবার লেখা চার ছত্র নজরুলসংগীত। পুরান ঢাকায় এমনটি দেখা যায় না সচরাচর। হঠাৎ করে দেয়ালে নজরুলের গান কেন? উদ্দেশ্যটা ধরা পড়ল খানিক বাদেই। দেয়ালটি আদতে একটি পুরোনো ঘরের বাইরের অংশ। সেই দেয়ালের অন্য পাশে বসে কবি নজরুল লিখেছিলেন, ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি। তাই এলাকাবাসী নজরুলের স্মৃতি ধরে রাখতে দেয়ালে লিখেছে নজরুলের সেই গানটি।যে বাড়িটির কথা বলা হলো, তার মালিক ছিলেন সৈয়দ মোহাম্মদ ইউসুফ। তাঁর চার ছেলের মধ্যে সৈয়দ হোসাইন উর রহমান ও সৈয়দ আতাউর রহমানের সঙ্গে কবি নজরুলের বন্ধুত্ব ছিল। কবি নজরুল ঢাকায় এলে বেচারাম দেউড়ির এই বাড়িতে থাকতেন।এলাকার নাবালক মিয়া লেনে দেখা মিলল সৈয়দ মোহাম্মদ ইউসুফের স্বজন আবু মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে। আশি পেরোনো এই মানুষটি জানান, সৈয়দ মোহাম্মদ ইউসুফের বাড়ির সামনের দিকে বাগান ছিল। সেই বাগানের চারধারে ছিল খোলা বারান্দা। সেখানে বসে কবি নজরুল লিখেছিলেন ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি। সৈয়দ আতাউর রহমানের সঙ্গে কবি নজরুলের বেশ অন্তরঙ্গতা ছিল।আবু মোহাম্মদ জাহাঙ্গীরের ভাগ্নে মাহবুবুল আবেদিন জানান, কবি নজরুল যখন ঢাকায় আসেন, তখন তাঁর এক পুত্রসন্তান মারা যায়। সে সময় তিনি সন্তান হারানোর কষ্টে লিখেছিলেন গানটি—‘বাগিচায় বুল্বুলি তুই ফুল্শাখাতে দিসেন আজো দোল্।আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল্।’এখন কোন অবস্থায় রয়েছে জায়গাটি? বেচারাম দেউড়ির যে ঘরে কবি ছিলেন, সেটি এখন তালাবদ্ধ ঘর। টিন দিয়ে ছাওয়া ঘরটি এখন ব্যবহূত হচ্ছে গুদামঘর (গোডাউন) হিসেবে। আর যে অংশটি ছিল বাগান, সেটি এখন ইট-বালি-সিমেন্টের ভাগাড়। এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, এলাকার অনেকেই জানেন না ঘরটির ইতিহাস। সরকার বা নজরুল ইনস্টিটিউট থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হলে হয়তো স্মৃতিটি সংরক্ষিত হতো।বাংলা একাডেমী প্রকাশিত চলচ্চিত্র গবেষক অনুপম হায়াতের দোলন চাঁপার হিন্দোলে গ্রন্থে কবি নজরুলের বেচারাম দেউড়ি অবস্থানের বিশদ বর্ণনা আছে। অনুপম হায়াৎ জানান, বেচারাম দেউড়িতে নজরুলের ভক্ত ছিলেন পীর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। তাঁর জীবদ্দশায় আনুমানিক ১৯২৬ খ্রিষ্টাব্দের দিকে কবি ঢাকার বেচারাম দেউড়ির বাড়িটিতে ছিলেন।