বাগেরহাট ও কুষ্টিয়ায় মিছিল, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে। ভাঙচুর করেছে দুটি গাড়ি।কুষ্টিয়ায় ভোর পাঁচটার দিকে শহরের প্রবেশ মুখ বটতৈল-চৌড়হাস মোড়ে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করে পিকেটারেরা। বাগেরহাট: ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার দশানী, মেগনিশতলা, ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়, ফকিরহাট বাজার, খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বাধা দেয় এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা দুটি বাস ভাঙচুর করে। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, বাগেরহাট-খুলনা সড়কের মেগনিশতলা এলাকা থেকে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে। বাগেরহাটের সব সড়ক ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ঢাকাসহ দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। দুপুর পর্যন্ত শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, হরতালের নামে জামায়াত-শিবিরের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড রোধে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।