বাগেরহাট ও যশোরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
বাগেরহাট ও যশোরে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।বাগেরহাট: আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার কচুয়ায় আজ সকাল ছয়টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। এতে আহত হয়েছেন একজন।কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ভোরে একটি ট্রাক সড়কের শ্রীরামপুরে শিবপদ নামে এক পদচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনে বসে থাকা মো. রফিকুল ইসলাম দাড়িয়া (৫০) ঘটনাস্থলেই মারা যান। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ট্রাকের সহকারী বশির হাওলাদার (২৬) ও পথচারী শিবপদকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে বশিরের মৃত্যু হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।যশোর: আমাদের যশোর অফিস কার্যালয় পুলিশের বরাত দিয়ে জানায়, জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা থেকে মাটি নিয়ে একটি ট্রাক শহরের মনিহার এলাকায় যাচ্ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা পারা বিবিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত পারার গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার বারাকপুরে। এ সময় পাশে থাকা তিনজন আহত হয়। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।