বাগেরহাটে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। সাত ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩৪ জনই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। বাকি চারজনের মধ্যে তিনজন বিএনপির ও একজন জামায়াতের।নির্দলীয় ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলো কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি। তার পরও বাগেরহাটের প্রায় প্রতিটি ইউপিতে প্রার্থীদের দলীয় পরিচয়ই বড় হয়ে উঠেছে। স্থানীয় লোকজনের মতে, ক্ষমতাসীন দল হওয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই প্রার্থী হতে বেশি আগ্রহী হয়েছেন।শুধু চিতলমারীই নয়, আগের দিন মঙ্গলবার রামপাল ও মংলা উপজেলায় যে ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে, তাতেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭৮ জনের মধ্যে ৬৪ জনই আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মী। এই ১৬টি ইউপির ১৫টিতে আওয়ামী লীগের এবং একটিতে বিএনপির নেতা চেয়ারম্যান পদে জিতেছেন।গতকাল ভোট গ্রহণ হওয়া চিতলমারী সাতটি ইউপির মধ্যে পাঁচটিতেই বিএনপির কোনো নেতা-কর্মী প্রার্থী হননি। বাগেরহাট জেলার বাকি ৫২টি ইউনিয়নেও একই অবস্থা বলে জানা গেছে।ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এত বেশিসংখ্যক প্রার্থী হওয়ায় অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।বাগেরহাট জেলা পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলার বেশ কিছু ইউপিতে অনেক প্রার্থীরই মারমুখী মনোভাব রয়েছে। কিছু ইউনিয়নে একই দলের স্থানীয়ভাবে প্রভাবশালী একাধিক নেতা প্রার্থী হওয়ায় পুলিশকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে।অবশ্য গত দুই দিনে তিন উপজেলার ২৩টি ইউপির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। বড় কোনো বিশৃঙ্খলা হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল স্তরের এই নির্বাচন ঘিরে এলাকাগুলো ছিল উৎসবমুখর।বুথ কম হওয়ায় নারীদের ভোগান্তি: গতকাল ভোট গ্রহণের সময় চিতলমারীর সাতটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট দেওয়ার জন্য কোনো কোনো কেন্দ্রে নারীরা দুই থেকে আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।সকাল সাড়ে নয়টার কিছু পরে সন্তোষপুর ইউপির সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রমেন মল্লিক ও গণেশ চন্দ্র ভোট দিতে লাইনে দাঁড়ালেন। অল্প সময়ের মধ্যে ভোট দিয়ে তাঁরা বেরিয়ে এলেন। তা দেখে নারীদের লাইনে দাঁড়ানো রোমেনা বেগম আফসোস করে বললেন, ‘আমরা প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। অথচ ভোট দিতে পারছি না। আর পুরুষেরা আসছে, ভোট দিয়ে চলেও যাচ্ছে।’জনাব আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাচ্চা নিয়ে লাইনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন মদিনা খানম। তখনো লম্বা লাইন দেখে তিনি জানালেন, ‘মনে হয় আরও এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে।’ভোটারের তুলনায় বুথ কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন, কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা। প্রায় তিন শ থেকে সাড়ে তিন শ ভোটারের জন্য ভোটকেন্দ্রগুলোতে একটি করে বুথ স্থাপন করা হয়।তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন থাকলেও বৃদ্ধ, অসুস্থ, ছোট বাচ্চা নিয়ে আসা মায়েদের এবং গর্ভবতী নারীদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিরা।সকালের দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। কিছু কিছু কেন্দ্র ছিল প্রায় পুরুষ ভোটারশূন্য। তবে বিকেলের দিকে দেখা গেছে এর বিপরীত চিত্র।বড়বাড়িয়া ইউনিয়নের মাছুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, পুরুষেরা সাধারণত দুপুরে খেয়েদেয়ে ভোট দিতে আসেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করে তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া পুরুষেরা মাঠে কাজও করেন। আর নারীরা সকাল সকাল ভোট দিয়ে বাড়িতে গিয়ে রান্নাবান্না করেন।আজ ১৫ ইউপিতে ভোট: আজ বৃহস্পতিবার বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লাহাটের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২ এপ্রিল বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৬ এবং ৩ এপ্রিল মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ২০টি ইউপিতে ভোট গ্রহণ হবে।