বাগেরহাটে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
পুলিশ বাগেরহাটের মোরেলগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। মোরেলগঞ্জ থানার পুলিশ গতকাল মঙ্গলবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে পাঁচটি অসম্পূর্ণ পাইপগানসহ অস্ত্র তৈরির ২৭ ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। এ ঘটনায় আজ বুধবার সকালে মামলা হয়েছে।এঁরা হলেন—খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান জাকির হোসেন (৩৫) এবং বটিয়াঘাটা উপজেলার হাতিরাবাদ গ্রামের মো. আবদুল হাকিম শেখ (৭০)।মোরেলগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ২৫ ইঞ্চি ও ৮ ইঞ্চি লম্বা দুটি জিআই পাইপ, পাঁচটি বোল্ট, কয়েকটি স্প্রিং, ঢালাই মেশিন, ড্রিল মেশিন, কয়লার আগুনে লোহা পোড়ানোর হাপর, হ্যাকসয়ের ব্লেড, ১২ ইঞ্চি করাত, চারটি ওয়েল্ডিং রড, রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, বাটাল প্রভৃতি যন্ত্র উদ্ধার করা হয়েছে। মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে আজ সকালে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।আবদুল হাকিম শেখ ও জাকির হোসেন আজ মোরেলগঞ্জ থানায় সাংবাদিকদের বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কাজ করে আসছেন। এসব আগ্নেয়াস্ত্র সুন্দরবনের বনদস্যুদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। থানার এসআই মো. মনিরুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুইখালী ইউনিয়নের উত্তর বারুইখালী গ্রামের নয়ন তালুকদার ও শামীম তালুকদারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে তারা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানারটির সন্ধান পায়।