বাগেরহাটে আট জঙ্গি খালাস, তিনজনের সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ১৭ আগস্ট বোমা হামলার মামলায় অভিযোগপত্র-ভুক্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট জঙ্গি খালাস পেয়েছেন।অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি অপর তিন জঙ্গির সাত বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল বুধবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম মামলাটির রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাটোরের বাগাতিপাড়ার জিয়াউর রহমান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর আস্তাইল গ্রামের আনিছুজ্জামান ও গাড়ফা গ্রামের আবু তালেব। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিনজনসহ এ মামলায় গ্রেপ্তার থাকা সাত আসামি আদালতে হাজির ছিলেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি খান মোহম্মদ আলী বাদশা প্রথম আলোকে বলেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে আলোচিত মামলাটির অধিকাংশ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। খালাস পাওয়া ব্যক্তিরা হচ্ছেন জেএমবির মজলিশে শুরার সদস্য জামালপুর জেলার ফুলছেন্না গ্রামের হাফেজ মাহমুদ, নিষিদ্ধ সংগঠনটির সদস্য বাগেরহাটের মোল্লারহাট উপজেলার দ্বিগঙ্গা গ্রামের গিয়াস উদ্দিন, গাড়ফা গ্রামের শাফিজ উদ্দিন, সাবুদিয়া গ্রামের শরিফুল ইসলাম, উদয়পুর গ্রামের হাসান আলী, কালিম মোল্লা, জিল্লুর রহমান মোল্লা ও তাঁর ছেলে মোতাসিন মোল্লা।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খান মোহাম্মদ আলী বাদশা বলেন, এই মামলায় পাঁচ আসামি বাগেরহাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের মধ্যে জিল্লুর রহমান ও আবু তালেব গোপালগঞ্জের আদালতেও সেখানকার বোমা হামলা মামলায় জবানবন্দি দেন। বাগেরহাট ও গোপালগঞ্জ আদালতে দেওয়া এই দুজনের জবানবন্দিতে তথ্যের অসঙ্গতি রয়েছে। কিন্তু তদন্তকালে তা ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, মামলায় প্রত্যক্ষদর্শী কাউকে সাক্ষী করা হয়নি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সত্ত্বেও বারাকাতুল্লাহ নামে এক আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর জবানবন্দিতে যাঁদের নাম এসেছিল তাদেরও আসামি করা হয়নি। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১০৩ বিধি মোতাবেক যথাযথ ও পরিপূর্ণভাবে জব্দ তালিকা করেননি। এসব কারণে আলোচিত মামলাটির অভিযোগপত্র দুর্বল হয়ে পড়ে।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা (বর্তমানে ঢাকার রমনা থানায় কর্মরত) উপপরিদর্শক মোফাজ্জেল হোসেন বলেন, বারাকাতুল্লাহ ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তাঁর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়াটা ভুল ছিল। এ ছাড়া ঘটনার পর পর জব্দ তালিকা করার সময় তিনি তদন্ত কর্মকর্তা ছিলেন না। তাই এর জন্য তিনি দায়ী নন।২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিন জেএমবি বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে, রেল রোড মসজিদের সামনে, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ও আদালত চত্বরে বেলা ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে একযোগে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় মামলা হয়। ২০০৫ সালের ১৭ নভেম্বর শায়খ রহমান ও বাংলা ভাইসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০০৬ সালের ১৬ এপ্রিল হাফেজ মাহমুদ ও সাব্বিরকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আদালত এ মামলার কার্যক্রম থেকে তাঁদের নাম বাদ দেন।