বাগেরহাটে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শেখ সোহরাব হোসেন (৪৪) নামের এক ইউপি সদস্যকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ স্থানীয় ব্রা‏হ্মণডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। শেখ সোহরাব কোদালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গত ৩১ মার্চ উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন।পুলিশ জানায়, সোহরাবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে।কোদালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখ এই প্রতিবেদককে জানান, গতকাল সোমবার রাতে সোহরাব স্থানীয় চালঠুরি বাজারে জনৈক ওহিদের দোকানে হালখাতার অনুষ্ঠানে যান। সেখানে থেকে রাত সওয়া নয়টার দিকে সোহরাব নিজের মোটরসাইকেল চালিয়ে এলাকা ত্যাগ করেন। রাত ১০টার দিকে তাঁর নিহত হওয়ার খবর পাওয়া যায়।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ইকবাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শেখ আবেদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।