বাগেরহাটে একজনকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৫০) নামের এক ব্যক্তিকে কে বা কারা জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাসা গ্রামের নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রওশন আরাকে আটক করেছে।আজ বুধবার সকালে পুলিশ তোফাজ্জেল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজ সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।রওশন আরা বলেন, রাত তিনটার দিকে তিনি ঘরের দরজা খুলে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। কয়েক মিনিট পরে ঘরে ফিরে তিনি তাঁর স্বামীকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম প্রথম আলোকে জানান, নিহত তোফাজ্জেল পার্শ্ববর্তী গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের নূর মোহম্মদ শিকদারের ছেলে। তিনি বিয়ের পর থেকেই ভাসা গ্রামে তাঁর শ্বশুর আবদুল গফুর শিকদারের বাড়িতে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে শ্বশুরবাড়ির নিকটাত্মীয়দের সঙ্গে তাঁর জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এই প্রেক্ষাপটে তিনি চলতি মাসের প্রথম দিকে কচুয়া থানায় প্রাণনাশের আশঙ্কা করে একটি সাধারণ ডায়েরি করেন। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।