বাগেরহাটে ওএমএসের চাল উদ্ধার, ডিলারসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ওএমএসের ১২০ বস্তা চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা খাদ্য বিভাগ। বাতিল করা হয়েছে শান্তি রঞ্জন দাস (৫০) নামের ওই ডিলারের ডিলারশিপ। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সিঅ্যান্ডবি বাজার এলাকায় ওই ডিলারের দোকান থেকে চালসহ তাদের আটক করা হয়। এ সময় চাল বহনকারী একটি পিকআপ ও দুটি টেম্পো জব্দ করা হয়। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আজম বাদী হয়ে আজ বুধবার আটক পাঁচজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।আটককৃতরা হলেন, ডিলারের ছেলে প্রকাশ দাস (২৫), টেম্পোচালক মহারাজ খলিফা (৪০), আলাউদ্দিন (৩৮) ও পিকআপ চালক মাহফুজ শেখ (৩০)।সেলিমুল আজম আজ সকালে এই প্রতিবেদককে জানান, রাখালগাছি ইউনিয়নের ডিলার শান্তি রঞ্জন দাস গতকাল দুপুরে খাদ্য গুদাম থেকে ছয় টন চাল উত্তোলন করেন। ওই চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে জানতে পেরে তিনি গতকাল সন্ধ্যায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ওই দোকান পরিদর্শনে যান। সে সময় দোকানে কোনো চাল না থাকার কারণ জানতে চাইলে চাল পথে রয়েছে বলে ডিলার জানান। পরে রাত সাড়ে আটটার দিকে ডিলার দুটি টেম্পো ও একটি পিকআপে করে ১২০ বস্তা চাল দোকানে হাজির করেন। কিন্তু প্রাপ্ত সংবাদ ও চালকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এসব চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। এ অবস্থায় চালের ডিলার, তার ছেলে ও তিন চালককে আটক করা হয় এবং ডিলারশিপ বাতিল করা হয়।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক আবু সিদ্দিক জানান, এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।