বাগেরহাটে ওষুধের কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডা. বাহারুল আলমের ওষুধ তৈরির কারখানায় ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি।গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লখপুর এলাকায় এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই ওষুধ কারখানায় এ ঘটনা ঘটে।ডা. বাহারুল আলমের অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামী।এ ঘটনায় ওই কারখানার দুটি ওষুধ তৈরির কাঁচামালের গুদাম, দুটি ওষুধ রাখার গুদাম, একটি প্যাকেজিং ইউনিট, একটি ওষুধের মান নিয়ন্ত্রণ ইউনিট ও চারটি অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রথম আলো ডটকমকে দেওয়া বাহারুল আলমের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের সাত-আটজনের একটি দল সীমানাপ্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে। তারা নৈশপ্রহরী মিজানুর রহমানকে বেঁধে রেখে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা বারুদ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।বাহারুল আলম আরও দাবি করেন, আগুনে কারখানার বিপুল পরিমাণ ওষুধ, কাঁচামালসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে খুলনা বিভাগে তিনি আন্দোলন সংগঠিত করে আসছেন। যুদ্ধাপরাধীদের বিচারকাজ অন্যদিকে প্রবাহিত করতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে তাঁর ওষুধ কারখানায় ভাঙচুর ও আগুন দিয়েছে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।খুলনা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ আরিফুর রহমান জানান, এটা পরিকল্পিত নাশকতা। তবে বারুদ ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা যাবে না। আগুনে ওষুধ কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।অভিযোগ অস্বীকার করে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মোফাজ্জেল হায়দার বলেন, এটা ডা. বাহারুল আলমের সাজানো নাটক। পুলিশকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ জানান তিনি।আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান।