বাগেরহাটে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা
বাগেরহাট শহরে ডাকাতি ও ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে চার ডাকাত নিহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পৃথক তিনটি মামলা হয়েছে। ডাকাতির ঘটনায় ডাকাতদের হানা দেওয়া বিভা এন্টারপ্রাইজের বিক্রয় ব্যবস্থাপক একটি মামলা করেন। অস্ত্র আইন ও ডাকাত হত্যার ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন আজ শুক্রবার সকালে জানান, বিভা এন্টারপ্রাইজের বিক্রয় ব্যবস্থাপক শেখ আশিকুর রহমান বাদী হয়ে গতকাল রাতে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আট-নয়জন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ ছাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বাদী হয়ে অস্ত্র আইনে অজ্ঞাতনামা আট-নয়জনের বিরুদ্ধে এবং ডাকাত হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার লোককে আসামি করে পৃথক দুটি মামলা করেছেন।ওসি জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শহরের শালতলা এলাকায় সমবায় ভবনের দোতলায় অবস্থিত বিভা এন্টারপ্রাইজে ডাকাতেরা হানা দেয়। তারা প্রায় ২৫ লাখ টাকা নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল জনতার গণপিটুনির শিকার হয়। রাত ১১টার দিকে পুলিশ ওই ভবনের দোতলার সিঁড়ি ও বিভা এন্টারপ্রাইজের অফিসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা পাঁচ ডাকাতকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সকেরা চারজনকে মৃত ঘোষণা করেন।এঁরা হলেন—খুলনা শহরের সোনাডাঙ্গা থানার রামনগর এলাকার মো. রিয়াজ উদ্দিন (২৫), সোনাডাঙ্গার আফসার উদ্দিন (৫০), পাবনার মো. ইমরান (২২) এবং পিরোজপুরের কদমতলা গ্রামের আহম্মদ আলী (৪০)। বাগেরহাট সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সাধীন সন্দেহভাজন ডাকাতের নাম হাফিজুর রহমান (২৫)। তাঁর বাড়ি খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে। ডাকাতদের এলোপাতাড়ি প্রহারে ওই প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী মনিরুল ইসলাম (৫২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিত্সার জন্য প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, একটি পিস্তল, বন্দুকের একটি গুলি, একটি ছুরি, তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২৩ লাখ ৮৯ হাজার ৬৬২ টাকা উদ্ধার করেছে।বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক বিদ্যুত্ কান্তি পাল জানান, গতকাল রাতে পুলিশ অজ্ঞাতনামা পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যায়।