বাগেরহাটে ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শেখ আবু সাঈদ (৩০) নামের একজন ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন। আজ রোববার ভোরে উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে নিজ বাড়িতে চিকিত্সাধীন অবস্থায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।নিহত শেখ আবু সাঈদের স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘গত ২৪ এপ্রিল প্রতিবেশী লিপি বেগমের একটি ছাগল চুরি হয়। আমার স্বামীর বিরুদ্ধে ওই চোরাই ছাগল কেনার অভিযোগ আনা হয়। স্থানীয় লখপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল হোসেন, ইউপি সদস্য আরিফ জমাদ্দার, আবু তালেব, চৌকিদার আকবর আলীসহ গ্রামের কিছু মানুষ পরদিন ২৫ এপ্রিল বিকেলে এই ঘটনায় সালিস করেন। সালিসে আমার স্বামী এক হাজার ১০০ টাকায় ছাগলটি কিনে দুই হাজার ৩৫০ টাকায় বিক্রির কথা স্বীকার করেন। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী আমার স্বামীকে পেটানো হয় এবং বিক্রীত টাকার অর্ধেক ছাগল মালিককে ফেরত দেওয়া হয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় পল্লি চিকিত্সক রব্বানের কাছে চিকিত্সা দেওয়া হয়। আজ রোববার ভোররাতে আবু সাঈদ নিজ বাড়িতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।’ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র জানান, আবু সাঈদ আজ নিজ বাড়িতে মারা গেছেন। তাঁর ডান কান ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আমাদের প্রতিনিধি অভিযুক্ত শেখ আবুল হোসেন, আরিফ জমাদ্দার ও আবু তালেবের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাননি।