বাগেরহাটে ছাত্রনেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বাগেরহাট জেলা ছাত্রদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি দাউদ মল্লিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খুলনা মহানগরের খালিশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। গত ৮ আগস্ট বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আদালতে দাউদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খুলনা মহানগরের খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদলের নেতা শেখ এমাদুল কবির হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি দাউদ মল্লিককে গ্রেপ্তার করে। দাউদ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামের জালাল মল্লিকের ছেলে।এমাদুল হত্যা মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন—বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামের ইনছান উদ্দিন মল্লিকের ছেলে চান মল্লিক, সেকেন্দার শেখের ছেলে আলী শেখ ও দেলোয়ার মল্লিকের ছেলে খালেদ মল্লিক। তাঁদের মধ্যে খালেদ মল্লিককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১০ সালের ২২ নভেম্বর রাতে শেখ এমাদুল কবিরকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে বাদেকাড়াপাড়া গ্রামের দক্ষিণপাড়ার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।