বাগেরহাটে ছাত্রশিবিরের সভাপতি আটক
ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম হাসানকে পুলিশ আটক করেছে। বাগেরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোল্লা আবদুল ওয়াদুদের বাসা থেকে আজ রোববার সকালে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাঁকে আটক করে।ইব্রাহিম হাসান বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় বসবাস করেন।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমান আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ইব্রাহিম তাঁর সহযোগীদের নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারির বাসায় গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পুলিশের অভিযানের সময় সেখানে উপস্থিত অপর ছয়-সাতজন শিবিরকর্মী অবশ্য পালিয়ে যায়। আটকের পর ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোল্লা আবদুল ওয়াদুদ পুলিশের সব অভিযোগ অস্বীকার করে বলেন, আটক ইব্রাহিম হাসানসহ চার-পাঁচজন মিলে তাঁর বাসায় বসে ব্যবসায়িক আলোচনা করছিল। এমন সময় কোনো অভিযোগ ছাড়াই পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে ইব্রাহিমকে ধরে নিয়ে যায়।