বাগেরহাটে জামায়াত-নেতা গ্রেপ্তার
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১৮-দলীয় জোটের সদস্য সচিব আবদুল ওয়াদুদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার মেগনিতলা খানকা শরিফ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।৭ মার্চ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বাগেরহাটের অনেক স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট সদর উপজেলার মেগনিতলা খানকা শরিফ এলাকা থেকে আবদুল ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়। ৭ মার্চ হরতাল চলাকালে বাগেরহাট-খুলনা সড়কের বকুলতলা নামক স্থানে একটি টেম্পো ভাঙচুর ও চালককে গুরুতর আহত করার ঘটনায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করার কথা।