বাগেরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ১১
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোডাউনের মোড়ে আজ মঙ্গলবার জামায়াতের পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন আহত হন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ফকিরহাট উপজেলার গোডাউনের মোড় এলাকায় হরতালের সমর্থনে জামায়াতের কর্মীরা পিকেটিং শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ২৮টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ, শিশুসহ অন্তত ১১ জন আহত হন। ফকিরহাট উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মোফাজ্জেল হায়দার দাবি করেন, গোডাউন মোড় এলাকায় জামায়াতের বিক্ষোভ চলাকালে পুলিশ নুর ইসলাম নামের এক স্কুলশিক্ষার্থীকে বিনা কারণে মারধর করে। তখন জামায়াতের কর্মীরা সেখানে গেলে পুলিশ তাঁদের ওপর গুলি চালায়। জবাবে জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, হরতালের সমর্থনে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধা দিলে জামায়াতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের অন্তত পাঁচজন সদস্য আহত হন। মিছিল ছত্রভঙ্গ করতে শর্টগানের ২৮টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জামায়াতের কর্মীরা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।