বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
খুলনা-বাগেরহাট সড়কে বাগেরহাটে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশের চুলকাঠি ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ জানান, মংলা থেকে মুরগি নিয়ে আসা একটি নছিমন মহাসড়কের ফয়লা এলাকায় ভোর পাঁচটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে নছিমনে থাকা মুরগির ব্যবসায়ী রউফ মোল্যা এবং চালক সিরাজ ফকির ঘটনাস্থলে নিহত হন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, বেলা পৌনে একটার দিকে খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে পেছন থেকে দুই সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী খবির এবং পরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর সাইকেল আরোহী গিয়াসের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণে বাগেরহাট-খুলনা সড়কে যান চলাচল বন্ধ ছিল।