বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার সকালে ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এবং গতকাল শনিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার আফরা গ্রামের অসীম কুমার ঘোষ (৩৫) ও ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার গণেশ (৩৮) এবং পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টগরা গ্রামের ফরিদ হোসেন (৩০)।বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, আজ সকাল ১০টার দিকে ফলতিতা এলাকায় বাগেরহাট থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে চালক অসীম ও গণেশ ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রী শাহীন ব্যাপারীকে (৪২) প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতরা সবাই কাঠ ব্যবসায়ী। ঘাতক বাসটি পালিয়ে গেছে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন কুমার দাস জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফতেপুর এলাকায় পিরোজপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিরোজপুরগামী মোটরসাইকেলের চালক ফরিদ ঘটনাস্থলে নিহত হন।