বাগেরহাটে বরফ কলে বিস্ফোরণে নিহত ১
বাগেরহাটে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস লাইনের রিসিভার বিস্ফোরিত হয়ে গাজী জুলফিকার আলী ভুট্টো (৩২) নামের এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় ওই বরফ কলের তিন শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে শহরের কেবি মাছ বাজার এলাকায় মধুমিতা আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের গাজী শহর আলীর ছেলে।আহতেরা হলেন বিকাশ, বাবু ও লাব। এঁরা সবাই বরফ কলের শ্রমিক।মধুমিতা আইস ফ্যাক্টরি মালিক রবিন দাস এ প্রতিবেদককে বলেন, গতকাল বৃহস্পতিবার বরফ কলের অ্যামোনিয়া গ্যাস সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। আজ ভোরে মিলের মিস্ত্রি জুলফিকার শ্রমিকদের নিয়ে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিকট শব্দে গ্যাস লাইনের রিসিভার বিস্ফোরিত হয়। এতে জুলফিকার ও অন্য তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় জুলফিকারের মৃত্যু হয়।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।