আদালতে আইনজীবীকে মারধরের অভিযোগ
বাগেরহাটে বর্ণালী ঘোষ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বর্ণালী ঘোষ অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকান্দার আলী এ রায় দেন। এদিকে রায় ঘোষণার আগে আদালতের বারান্দায় বাদীপক্ষের এক আইনজীবীকে আসামিপক্ষের এক আইনজীবী লোকজন নিয়ে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মো. কামাল হোসেন হাওলাদার ও মুক্তার হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তাঁদের মৃত্যুদণ্ডাদেশসহ এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯ ধারায় তাঁদের সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।আসামি হাসান আলী শেখ, মাহাবুবুর রহমান মুন্সী ওরফে মাহাবুব, নাজমুল ইজারাদার ও নাহিদ শেখ—এই চারজনের প্রত্যেককে বর্ণিত আইনের ৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ওই আসামিদের মধ্যে মাহাবুব ও হাসানকে দণ্ডবিধির ২০১/১০৯ ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।মামলার অপর আসামি সুজিত কুমার হালদার ওরফে রাজু, মনোজ কুমার বিশ্বাস, সুব্রত মজুমদার ওরফে লিটন, পারভীন সুলতানা ওরফে মুনমুন খানমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।রায় ঘোষণার সময় খালাস পাওয়া আসামি রাজু ও মুনমুন ছাড়া বাকি ১০ আসামি আদালতে হাজির ছিলেন। এ মামলার অন্য আসামি জামিল হোসেন ওরফে জামুকে আগেই মামলা থেকে অব্যাহতি দেন উচ্চ আদালত।মামলার বাদী বর্ণালীর বাবা বিপুল চন্দ্র ঘোষ রায় ঘোষণার পর প্রথম আলোকে বলেন, ‘এ রায়ে আমি খুশি। মেয়েকে ফিরে পাব না জানি, তবে আমার মতো আর কোনো বাপ যেন তার মেয়েকে না হারায়।’ বিপুল চন্দ্র জানান, আসামিপক্ষের লোকজন তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩০ জুন মধ্যরাতে প্রেমিক রাজুর সঙ্গে পালানোর পথে উপজেলার চিত্রা গ্রাম থেকে বর্ণালীকে জোর করে ধরে নিয়ে যায় আসামিরা। এরপর পালাক্রমে ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়। হত্যাকারীরা আলামত নষ্ট করার জন্য লাশের ওপর এসিড ঢেলে দেয়। এ ঘটনায় নিহতের বাবা বিপুল চন্দ্র ঘোষ বাদী হয়ে মামলা করেন।এদিকে গতকাল দুপুরে আদালতের বারান্দায় মামলায় বাদীপক্ষকে সহায়তাকারী এক আইনজীবীকে বিবাদীপক্ষের এক আইনজীবী মেরে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী মো. মোমিনুল ইসলাম জানান, তিনি এই মামলায় বাদীপক্ষকে সহায়তা করছেন। তিনি অভিযোগ করেন, গতকাল বেলা আড়াইটার দিকে আদালতের বারান্দায় তাঁর ওপর হামলা চালান আসামিপক্ষের আইনজীবী পারভেজ আলম ও তাঁর লোকজন। গুরুতর আহত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মোমিনুল ইসলাম বলেন, ‘আদালতের বারান্দায় পুলিশ, সাংবাদিক সবার সামনে এমন ঘটনা নজিরবিহীন। আমি আইনগত ব্যবস্থা নেব এবং একই সঙ্গে বার কাউন্সিলে অভিযোগ করব।’এ বিষয়ে আইনজীবী পারভেজ আলমের বক্তব্য নিতে চাইলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।