বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কে আজ বুধবার দুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। হতাহত সবাই বাসের যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া একটার দিকে ‘তরান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস বাগেরহাট-মাওয়া মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ থেকে খুলনা যাচ্ছিল। মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া মোড়ে পৌঁছার পর বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে প্রচণ্ড জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। আহত হয় ১৫ জন। তাঁদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম প্রথম আলো ডটকমকে জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় বাসের চালক মুঠোফোনে কথা বলছিলেন। এ কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু: বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে আজ বেলা দেড়টার দিকে বজ্রপাতে রমজান শেখ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বাগানে তিনি আম কুড়াচ্ছিলেন। রমজান শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাবার নাম আমজাদ শেখ।