বাগেরহাটে যুদ্ধাপরাধের অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা, বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খানের চাচা মীর মোক্তার আলী বাদী হয়ে আজ সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক মো. রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।মামলার আসামিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের তিন ভাই মোক্তার আলী হাওলাদার (৫৮), মোশারেফ আলী হাওলাদার (৬১) ও আশরাফ আলী হাওলাদার (৬৫), গাজীরঘাট গ্রামের উকিল শেখ (৬৪), কচুয়া উপজেলার যশোরদী গ্রামের মোকসেদ দিহিদার (৭০), খোকন দিদার (৫৮), আওয়াল দিহিদার (৭২), ইদ্রিস মোল্লা (৬০) ও কাকার বিল গ্রামের নূরু শিকদার (৬৮)।এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল মান্নান খান তেলিগাঁতি গ্রামে এলে আসামিরা তাঁর বাড়ি ঘিরে ফেলেন। আসামিরা মান্নানকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বাড়ির পাশের খালে নামিয়ে গুলি করে হত্যা করেন। এ সময় আসামিরা ওই বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন।মোরলগঞ্জ থানার ওসি মো. আবদুল খালেক জানান, মামলার এজাহার থানায় পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।