বাগেরহাটে শ্রমিক লীগের হামলায় বিএনপির সভা পণ্ড, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের পুরান বাজার মোড়ে গতকাল শুক্রবার শ্রমিক লীগের কর্মীদের হামলায় জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা পণ্ড হয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের ২৬টি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে শ্রমিক লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সভাস্থল অতিক্রমের সময় তাদের মিছিলে হামলা করেন বিএনপির কর্মীরা।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু বলেন, সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট আন্তজেলা বাস-মনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক একটি মিছিল নিয়ে তাঁদের সভায় হামলা করে। হামলাকারীরা সভাস্থলে চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাঁদের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হন। এ সময় হামলাকারীরা তাঁদের কাছ থেকে ২৬টি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ করে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘সভার জন্য ২৮ জুলাই বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলামকে জানানো হয় এবং তিনি নিরাপত্তার আশ্বাস দেন। তার পরও পুলিশের উপস্থিতিতে এই হামলা এবং পুলিশের নীরব ভূমিকায় আমরা বিস্মিত।’এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির সভা চলাকালীন হঠাৎ ক্ষমতাসীন দলের সমর্থকদের একটি মিছিল সেখান দিয়ে অতিক্রমের সময় পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে ১০-১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং নির্বিঘ্নে সভা শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হয়েছে বলে আমার জানা নেই।’হামলার অভিযোগ অস্বীকার করে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান মনির হোসেন বলেন, তাঁর নেতৃত্বে কোনো হামলা হয়নি। তাঁর নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটি মিছিল পুরান বাজার এলাকা অতিক্রম করার সময় বিএনপির কর্মীরা তাঁদের মিছিলে হামলা করেন।আহত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মেহেরুন্নেছা, বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সদর উপজেলা যুবদলের সহসভাপতি শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার মশিউর রহমান, ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখার সহসভাপতি রুবেল হোসেন, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক দল নেতা সুভাষ চক্রবর্তী ও গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আরু।