বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত
বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা পুলিশ ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অগ্রণী ব্যাংক চুলকাঠি বাজার শাখার অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট মো. মিজানুর রহমান (৫০), একই শাখার অফিসার ক্যাশ সুকান্ত কুমার কুণ্ডু (৩২) ও মোটরসাইকেলচালক আলী নিকারী (৫০)।ব্যাংকের জুন ক্লোজিং উপলক্ষে গভীর রাত পর্যন্ত কাজ করে ওই দুই ব্যাংক কর্মকর্তা স্থানীয় এক ব্যবসায়ীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন।রামপাল থানার উপপরিদর্শক মো. এনায়েত হোসেন জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে ওই স্থানে মংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এ মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলী নিকারী এবং মিজানুর রহমান মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে সুকান্ত কুণ্ডু মারা যান। হাইওয়ে পুলিশ ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকটি আটক করে তবে চালক পালিয়ে যান। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, মো. মিজানুর রহমান রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবু দাউদ আলীর ছেলে। তিনি ১৯৮৫ সালের ২০ জুলাই অগ্রণী ব্যাংকে যোগ দেন। সুকান্ত কুমার কুণ্ডু একই উপজেলার একই ইউনিয়নের ধলধা গ্রামের শচিন্দ্রনাথ কুণ্ডুর ছেলে। তিনি ২০০৯ সালের ৬ আগস্ট অগ্রণী ব্যাংকে যোগ দেন।