বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদারের প্রাইভেটকারের সঙ্গে কাঠবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রবীর রঞ্জন হালদারসহ আটজন। আজ সোমবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন চেয়ারম্যানের সহযাত্রী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জগলুল আহসান (৩৮), ট্রাকের শ্রমিক আসাদ শেখ (৪৭) ও তাঁর ছেলে মুরাদ শেখ (১৬) ও কাউসার (৩০)। নিহত জগলুল মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের কুমারখালী গ্রামের সৈয়দ সুলতান আলীর ছেলে। নিহত ট্রাকের শ্রমিকদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।আহতদের মধ্যে প্রাইভেটকারের চালক মো. রফিক (৩৭), ট্রাকের শ্রমিক হারু মোল্লা (২৩), আসাদ চৌকিদার (৩৫), রমজান শেখ (৩৬), মো. আলমগীর (২৮) ও সাখাওয়াত শেখকে (৩৩) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবীর রঞ্জন হালদার ও তাঁর সহযাত্রী বাপ্পীকে (৩২) খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, আজ বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট নামক স্থানে কাঠবোঝাই ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক জানান, আজ দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নিয়ে চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদার ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। গাড়িচালক ছাড়াও জগলুল ও বাপ্পী তাঁর সঙ্গে ছিলেন। পথে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।