বাগেরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটে এসকেন্দার শেখ (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগে তাঁর ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড এবং স্ত্রীসহ অন্য এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরেকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. রেজাউল করিম এই দণ্ডাদেশ ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহত এসকেন্দারের ছোট ভাই মো. মাহামুদ শেখ (২৮) বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন একেন্দারের স্ত্রী পারভীন বেগম (২৭) ও সাবোখালী গ্রামের আসাদ তালুকদার (৩৭)। মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন চৌদ্দহাজারী গ্রামের নওয়াব তালুকদার (৩২)। তবে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আসাদ তালুকদার পলাতক।এ ছাড়া আদালত মাহামুদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, এসকেন্দারের ছোট ভাই মাহামুদের সঙ্গে তাঁর স্ত্রী পারভীনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে এসকেন্দার ও পারভীনের মধ্যে ঝগড়াবিবাদ চলছিল। পরে পারভীন ও মাহামুদ এসকেন্দারকে হত্যার পরিকল্পনা করেন। ২০০৮ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পারভীন ঘরের দরজা খুলে দিলে মাহামুদ ও তাঁর সহযোগীরা এসকেন্দারকে জবাই করে হত্যা করেন। এই ঘটনায় এসকেন্দারের বাবা মো. মোজাম শেখ পরের দিন চিতলমারী থানায় পারভীন ও ছোট ছেলে মাহামুদসহ চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পারভীন ও মাহমুদকে আটক করলে তাঁরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার শুনানিকালে আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন লুত্ফর রহমান। আর আসামিপক্ষে ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ।