বাগেরহাটে হেফাজত-পুলিশ সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আজ সোমবার সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশ ও র্যাবের দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে সাঈদ মোড়ল (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে হেফাজতের শতাধিক নারী কর্মী লাঠি হাতে সংবাদকর্মী ও পুলিশকে পেটান। নারীকর্মীরা সবাই শাড়ি ও সালোয়ার কামিজ পরে ছিলেন। সংঘর্ষে পুলিশ ও সংবাদকর্মীসহ ২০ জন আহত হন।বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, দুপুর পৌনে একটার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, কাঁঠালতলা এলাকায় হেফাজতের শাড়ি ও সালোয়ার কামিজ পরিহিত নারী কর্মীরা লাঠি হাতে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদেরও পেটায়।সংঘর্ষে আহতেরা হলেন, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) শহীদুল ইসলাম ও সাতজন পুলিশ কনস্টেবল, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল। সাংবাদিক আলী আকবরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিত্সা নিয়েছেন পুলিশেরা। আহত বাকিদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ শেষে গতকাল রোববার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত-আট জন কর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে হেফাজত কর্মীরা খুলনা-মংলা সড়কের চুলকাঠি এলাকায় জড়ো হয়। তাঁরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সকাল নয়টার দিকে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপরে হেফাজতের কর্মীরা লাঠিসোটা নিয়ে একই সড়কের কাটাখালী মোড়ে জড়ো হয় এবং বিক্ষোভ করতে থাকে। সেখানেও তাঁরা রাস্তায় কাঠের গুড়ি ফেলে অবরোধ তৈরি করে। এ সময় সেখানে থাকা পুলিশ ও র্যাব ৬ এর একটি দলের সঙ্গে হেফাজত কর্মীদের বাকবিতণ্ডা হয়। পুলিশ খুলনা-বাগেরহাট সড়কের টাউন নওয়াপাড়া এলাকায় বাগেরহাট সি ফুড নামে একটি হিমায়িত চিংড়ি রপ্তানিকারী কারখানায় অবস্থান নেয়। এ সময় হেফাজত কর্মীরা কারখানাটি ঘিরে ফেলে এবং পুলিশের ওপর হামলা করতে ভেতরে ঢোকার চেষ্টা করে।বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, খবর পেয়ে বাগেরহাট থেকে তিনি অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ টাউন নওয়াপাড়ার ওই কারখানায় যাবার চেষ্টা করেন। প্রায় দুই কিলোমিটার আগে কাঁঠালতলা এলাকায় হেফাজতের কর্মীরা তাঁকে বাধা দেয়। সেখানে হেফাজতে ইসলামের শাড়ি ও সালোয়ার কামিজ পরিহিত নারী কর্মীরা লাঠি হাতে সামনে গিয়ে পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ সেখানে অবরোধকারীদের সরাতে ফাঁকা গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাঁরা ওই কারখানার সামনে পৌঁছান। সেখানেও হেফাজতে ইসলামের কর্মীদের প্রতিহত করতে পুলিশ ব্যাপক গুলি ও টিয়ার সেল ছোড়ে। দুপুর দুইটার পরে পুলিশ কারখানা থেকে অবরুদ্ধ র্যাব ও পুলিশ সদস্যদের বের করে আনে। বেলা তিনটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে এলাকা থেকে হেফাজতে ইসলামী কর্মীদের সরিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।এ ব্যাপারে হেফাজতে ইসলামের বাগেরহাট জেলা আমির আমিনুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।