বাগেরহাটে ১৪৪ ধারা জারি
বাগেরহাটে বিএনপি ও জাতীয় শ্রমিক লীগ আজ বৃহস্পতিবার বিকেলে পাশাপাশি স্থানে সভা আহ্বান করায় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারার কারণে শ্রমিক লীগ তাদের কর্মসূচি বাতিল করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কর্মসূচি প্রত্যাহারের কোনো ঘোষণা দেয়নি। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম জানান, জেলা বিএনপিকে শহরের স্বাধীনতা উদ্যানে আজ বেলা তিনটায় সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। পরে বিএনপির পক্ষ থেকে স্থান পরিবর্তন করে পিসি কলেজ এলাকায় সভা করার প্রস্তাব দিলে প্রশাসন তা অনুমোদন করে। কিন্তু আকস্মিকভাবে গতকাল বুধবার রাতে জেলা শ্রমিক লীগ পাশাপাশি স্থানে একই সময়ে সভা আহ্বান করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আজ সকাল থেকে বাগেরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন গতকাল রাতে শহরে মাইকিং করে বিএনপির সভাস্থল-সংলগ্ন পিসি কলেজ মাঠে সভা ডাকে।জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘১৪৪ ধারা মেনেই আমরা আমাদের কর্মসূচি পালন করব। তবে ঠিক কোথায় এবং কখন জনসভা অনুষ্ঠিত হবে তা কৌশলগত কারণে আমরা এখনই প্রকাশ করছি না।’ জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ রেজাউর রহমান মন্টু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এবং মে দিবস উপলক্ষে আজ বেলা তিনটায় সরকারি পিসি কলেজ মাঠে আমরা সভা আহ্বান করেছিলাম। কিন্তু প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।