বাগেরহাটে ২২ মাসে ৩১৯ পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বাগেরহাটে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত গত ২২ মাসে ৩১৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ২২টি বিভাগীয় মামলা হয়। জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়াদের মধ্যে রয়েছেন ২০৪ জন উপপরিদর্শক, ৫৭ জন সহকারী উপপরিদর্শক, একজন সার্জেন্ট, দুজন শহর উপপরিদর্শক, একজন নায়েক ও ৫৪ জন কনস্টেবল। তাঁরা বাগেরহাট জেলার বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জনকে গুরু শাস্তি এবং বাকিদের লঘু শাস্তি দেওয়া হয়েছে। দুজন সাময়িক বরখাস্ত হয়েছেন এবং দুজনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, পুলিশ বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং পুলিশ সম্পর্কে জনসাধারণের মধ্যে ইতিবাচক ধারণা সুপ্রতিষ্ঠিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। বাগেরহাটে জেলা প্রশাসক কাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন: বাগেরহাট স্টেডিয়ামে ১০ নভেম্বর বাগেরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত-উপজেলা ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে ফকিরহাট উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের ইসমাইল একাই দলের পক্ষে গোল দুটি করেন। খেলায় যৌথভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন সদর উপজেলা দলের শরীফ ও ফকিরহাট উপজেলা দলের বাবু।