বাগেরহাটে ২২ রাজাকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধ চলাকালে বাগেরহাটের মংলায় পাঁচ ব্যক্তিকে হত্যার অভিযোগে ২২ রাজাকারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। মংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের আবদুল আজিজ শেখ এবং বাজিকরের খণ্ড গ্রামের মৃধা মাহাতাব উদ্দিন ২৮ এপ্রিল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইয়ারব হোসেনের আদালতে মামলা দুটি করেন। আদালত মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন মংলা উপজেলার বাজিকর খণ্ড গ্রামের দুই সহোদর মৃধা নজরুল ইসলাম (৬৫) ও নিজাম উদ্দিন মৃধা (৬৯), একই গ্রামের আমজাদ ফকির (৬০) ও মো. শফি মৃধা (৫৮), মাদুরপাল্টা গ্রামের মোসলেম ফকির (৭৫) ও রজ্জব আলী সরদার (৭৭) এবং ঢালির খণ্ড গ্রামের রহিম শেখ (৬২)। এই সাতজনকে উভয় মামলায় আসামি করা হয়েছে।মামলা দুটির অন্য আসামিরা হলেন সাহেবেরমাঠ গ্রামের সিদ্দিক খান (৫৯) ও খালেক শেখ (৭০), দ্বিগরাজ গ্রামের নিজাম হাওলাদার (৬০), বাজিকরের খণ্ড গ্রামের রাজ্জাক ফরাজী (৭৫), কাটাখালী গ্রামের হাকেম আলী (৬৫), শেলাবুনিয়া গ্রামের নুরুল হক আকন (৬৫), মাদুরপাল্টা গ্রামের মো. তালেব ফকির (৬৫), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ইউসুফ আলী (৬৫), জিউধরা গ্রামের মোস্তফা মৃধা (৬৫), পাজাখোলা গ্রামের ইউসুফ ডিলার (৬০), খুলনা শহরের নতুন বাজার এলাকার আবুল কালাম পাটোয়ারী (৬৫), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের আবদুল জলিল (৬৩), মঠবাড়িয়া উপজেলার বড়শৈলা গ্রামের আবদুল মোমিন হাওলাদার (৬২), খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আলী মোল্লা (৬০) ও শাহাদাত মোল্লা (৬২)।আবদুল আজিজ শেখ মামলার আরজিতে বলেন, ‘১৯৭১ সালের ১২ এপ্রিল বাদীসহ নিহত ব্যক্তিরা মাদুরপাল্টা গ্রামের করিম সরদারের বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন। দুপুরে তিনিসহ দিনমজুর সুরুজ বৈরাগী, শচিন বৈরাগী, সহদেব রায় ও বাবুরাম মণ্ডল পাশের তেঘরিয়া গ্রামের নিবারণ বাছাড়ের বাড়ির পুকুর থেকে পানি আনতে গেলে দুই সহোদর নজরুল মৃধা ও নিজাম মৃধার নেতৃত্বে রাজাকাররা পুকুর ঘাট থেকে তাঁদের ধরে নিয়ে গুলি করে। এতে ওই চারজন নিহত হন এবং বাদী নিজে পিঠে গুলিবিদ্ধ হন।’অপর মামলার বাদী মৃধা মাহাতাব উদ্দিন আরজিতে বলেন, ‘১৯৭১ সালের ১২ এপ্রিল বিকেলে ওই দুই সহোদরের নেতৃত্বে রাজাকাররা বাজিকর খণ্ড গ্রামের প্রফুল্ল বৈরাগীর জমিতে কাজ করা অবস্থায় তাঁকে এবং মাদুরপাল্টা গ্রামের সুরাজ মল্লিককে ধরে গুলি করে। এতে বাদী মাহাতাব মৃধা গুরুতর আহত হন এবং সুরুজ মল্লিক নিহত হন।’ মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘মামলা দুটির কাগজপত্র থানায় পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’