বাগেরহাটে ৩ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড় উদ্ধার
বাগেরহাটের শরণখোলা উপজেলার বাংলাবাজার গ্রাম থেকে অভিযান চালিয়ে রয়েল বেঙ্গল টাইগারের তিনটি চামড়া, চারটি মাথা ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা এগুলো উদ্ধারের সময় মো. জামাল ফকির (৩৮) নামের এক শিকারিকে আটক করেছে। আজ বুধবার সকাল নয়টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা কন্টিনজেন্টের সহযোগিতায় সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো এ অভিযান চালান।জামালের বাড়ি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে।দুপুর ১২টার দিকে উদ্ধারকৃত চামড়া, হাড়সহ আটক জামাল ফকিরকে বাগেরহাটে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উদ্ধারকৃত চামড়া তিনটির লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ২ ইঞ্চি, ৯ ফুট ৯ ইঞ্চি এবং ৯ ফুট ৩ ইঞ্চি। হাড়ের সংখ্যা ১৩৮টি। যার ওজন ৩১ কেজি। জামাল ফকির আজ দুপুরে এ প্রতিবেদকের কাছে স্বীকার করেন, তিনি ও তাঁর অন্য ১০-১২ জন সহযোগী প্রায় দেড় মাস ধরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকা থেকে বিষটোপ দিয়ে এ বাঘ তিনটি শিকার করেন। মিহির কুমার দো বলেন, বনকর্মীরা ক্রেতা সেজে প্রায় এক মাস ধরে এই শিকারি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছিল। সর্ব শেষ ১৬ লাখ ৭০ হাজার টাকায় এসব চামড়া ও হাড় কেনার চুক্তি হয়। আজ ভোরে টাকা নিয়ে ওই শিকারি ও পাচারকারী চক্রের সদস্য জামালের সঙ্গে তাঁরা বাংলাবাজার গ্রামে একটি পরিত্যক্ত ঘরে দেখা করেন এবং তাঁকে হাতেনাতে আটক করেন।