বাগেরহাটে ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) বাগেরহাটে ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। এর মধ্যে ১৫টি আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজও শেষের পথে। এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ হলে জেলার প্রায় ৫০ হাজার মানুষের দুর্যোগকালীন আশ্রয় সুবিধা নিশ্চিত করা যাবে। আশ্রয়কেন্দ্রগুলো স্বাভাবিক সময়ে বিদ্যালয় হিসেবে ব্যবহূত হবে।বাগেরহাট এলজিইডি সূত্রে জানা গেছে, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও কচুয়া উপজেলায় ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে শরণখোলায় সাতটি, মোরেলগঞ্জে ৩০টি, রামপালে দুটি এবং কচুয়া ও মংলায় একটি করে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এ জন্য প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২-এর আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে প্রায় ৫২ কোটি পাঁচ লাখ ৬৭ হাজার ৮৫৮ টাকা ব্যয় হবে।বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার পাল জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পর সেনাবাহিনী, বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান জেলায় ৪০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। এ ছাড়া এলজিইডি ২০০৮-০৯ অর্থবছরে জেলায় ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণকাজ শুরু করে। এর মধ্যে ১৫টির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকিগুলোর কাজও প্রায় শেষের পথে। এই ৪১টি আশ্রয়কেন্দ্রে দুর্যোগের সময় প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।বাগেরহাট এলজিইডির হিসাব অনুযায়ী জেলায় উচ্চ ও মাঝারি মাত্রার দুর্যোগ ঝুঁকিতে বসবাসকারী প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার নিরাপত্তার জন্য এখানে আরও অন্তত ৪৯০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে এই ৪১টির নির্মাণকাজ শেষ হলে জেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ১৯৪টি।