বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ উদযাপিত
সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও দুর্নীতিমুক্ত সুন্দরবন ব্যবস্থাপনার দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ উদযাপন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব, জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগ যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে। ২০০২ সাল থেকে বেসরকারি উদ্যোগে বাগেরহাটসহ সুন্দরবনসংলগ্ন জেলাগুলোয় সুন্দরবন দিবস উদযাপিত হয়ে আসছে। তবে এবারই প্রথম সরকারি প্রতিষ্ঠান আয়োজক হিসেবে সরাসরি সম্পৃক্ত হলো।এ উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যান মঞ্চে জেলা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ বছর বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ উদযাপনে আর্থিক সহযোগিতা করে সুন্দরবন পূর্ব বিভাগের ‘সুন্দরবন এনভায়রনমেন্টাল এন্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্প (সিলস) এবং বেসরকারি সংগঠন ‘সেভ দ্য সুন্দরবনস’।২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) দেশের অর্ধশত বিভিন্ন সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ-বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলন থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। আয়োজকেরা প্রথম থেকে এই দিনে জাতীয়ভাবে দিবসটি পালনের দাবি জানিয়ে আসছেন।