বাগেরহাটের এসপি মিজানকে ক্লোজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে আজ শনিবার বাগেরহাট থেকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে তাঁকে ক্লোজ করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ মিজানকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।আইজি নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, মিজানের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে ক্লোজ করা হয়েছে। তিনি বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সীমানা এলাকায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেছেন এবং এ কাজে তিনি জেলা পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন।গত বুধবার রাতে বাগেরহাটের জেলা পুলিশ পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে স্থানীয় পুলিশ গোপালগঞ্জের চরগোবরা গ্রামের মানুষের জমির ফসল কেটে নেয়। জমির মাটি কেটে সীমানার নামে উঁচু রাস্তা তৈরি শুরু করে। জমিতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল শুক্রবার সাইনবোর্ড তুলে নেওয়া হয়। যাঁদের নামে সাইনবোর্ড দেওয়া হয়েছিল, তাঁরাই সাইনবোর্ড তুলে নেওয়ার ব্যবস্থা করেন।তবে শুক্রবার প্রকাশিত জমি দখলের খবরের প্রতিবাদ করেন পুলিশ সুপার মিজান। পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন এ প্রতিবাদ সম্পর্কে কিছুই জানে না।