বাগেরহাটের এসপির কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে শতাধিক পুলিশ আর অর্ধশত শ্রমিক হঠাত্ গোপালগঞ্জ আর বাগেরহাটের সীমানা ভাগ করার কাজ শুরু করে। তাদের মাঠে নামিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তবে এ ঘটনা ছাড়িয়ে যা বেশি আলোচিত তা হলো, ওই এলাকার ব্যক্তিমালিকানার জমিতে পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আরেক কর্মকর্তার স্ত্রীর নামে সাইনবোর্ড টাঙানো। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, তাঁরা এই সাইনবোর্ডের বিষয়ে কিছু জানেন না। কেউ তাঁদের সুনাম নষ্ট করতে এই কাজ করেছে। স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জেলার সীমানা নির্ধারণের নামে রাস্তার পাশের জমি দখল করে অন্যের নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। গত বুধবার রাতে বাগেরহাট জেলা পুলিশের সদস্য ও শ্রমিকেরা সীমান্তবর্তী গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের লোকজনের জমির মাটি কেটে সীমানা আইল নির্মাণ শুরু করেন। এ সময় তাঁরা মাঠের রবিশস্যও কেটে ফেলেন। স্থানীয় লোকজন জানান, ওই সময় কয়েক একর জমি দখল করে উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের নামে ওই সব জমির মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেয় বাগেরহাটের পুলিশ। জমির মালিকেরা বাধা দিতে গেলে পুলিশ তাঁদের তাড়া করে। গ্রামবাসীর অভিযোগ, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এসব ঘটেছে। মিজানুর রহমানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।টেলিফোনে এ ব্যাপারে জানতে চাইলে মিজানুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমি এটা করেছি। কারণ, দীর্ঘদিন ধরে দুই জেলার সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে অনেক কাইজ্জাও হয়েছে। এমনটা যাতে আর না হয়, সে জন্য এ ব্যবস্থা।’ তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেকোনো কিছু করতে পারে।ঢাকায় কর্মরত পুলিশের দুজন কর্মকর্তার নামে অন্যের জমিতে বাগেরহাট পুলিশ কেন সাইনবোর্ড ঝুলিয়েছে—এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘সাইনবোর্ডের ব্যাপারে আমি কিছু জানি না। কেউ এর সুযোগ নিয়ে এসব সাইনবোর্ড লাগাতে পারে।’সূত্র জানায়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সীমানা নির্ধারণের কথা বলে সেখানকার পুলিশ কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে। বুধবার রাতে পুলিশ চারদিকে ঘেরাও করে থেকে শ্রমিকদের দিয়ে প্রথমে বিভিন্ন জমির রবিশস্য কেটে ফেলে। এরপর ওই সব জমির মাটি কেটে সীমানা আইল দেয়। সরেজমিন গিয়ে দেখা যায়, ওই সব জমিতে ‘ক্রয় সূত্রে মালিক’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) বেনজির আহমেদের স্ত্রী জীশান মির্জা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও গোপালগঞ্জের পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিনের নামে তিনটি সাইনবোর্ড পুঁতে দেওয়া হয়। অবশ্য খবর পাওয়ার পর গতকাল সকালে গোপালগঞ্জের পুলিশ গিয়ে এসপি আবদুল কুদ্দুসের নামে লাগানো সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়। বিকেলে স্থানীয় চৌকিদার গিয়ে উপকমিশনার মনিরুল ইসলামের নামে লাগানো সাইনবোর্ডটি খুলে নেন।জানতে চাইলে উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে কেউ এ সাইনবোর্ড লাগিয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি সাইনবোর্ডটি সরিয়ে ফেলার ব্যবস্থা করেছেন।গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আবদুল হামিদ জানান, এসপি আবদুল কুদ্দুস আমিনের নাম ভাঙিয়ে হয়তো অন্য কেউ ওই জমি দখলের চেষ্টা করছিল। তাই তিনি এসপির নির্দেশে ওই সাইনবোর্ড খুলে আনার ব্যবস্থা করেন।এসপি আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘বাগেরহাটের এসপি (মিজানুর রহমান) আমাকে ব্ল্যাকমেইল করেছে। অনুমতি ছাড়া সে আমার নামে বেআইনিভাবে সাইনবোর্ড লাগিয়েছিল। খবর পেয়ে আমি লোক দিয়ে তা তুলে এনেছি এবং থানায় জিডিও করেছি।’ তিনি বলেন, ‘শুধু আমার নাম নয়, আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের লোকজনের নামেও সাইনবোর্ড লাগিয়েছে। এর উদ্দেশ্য তাঁদের অপদস্থ করা।’অভিযুক্ত এসপি মিজানুর রহমানের দাবি, ‘সেখানকার জমিতে যাঁদের নামে সাইনবোর্ড আছে, তাঁরা ওই সব জমি কিনেছেন। কেউ কারও জমি দখল করেননি। যাঁরা আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করছেন, তাঁদের জমি আছে কি না খোঁজ নেন।’গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের চরগোবরা গ্রামে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দুই জেলার মধ্যবর্তী এলাকায় আবুল খায়ের সেতুর উত্তর পাশে রাস্তার ধারে বাগেরহাটের পুলিশের একটি দল বসে আছে। কয়েক শ গজ দূরে অবস্থান করছিল বিক্ষুব্ধ গ্রামবাসী। তাঁদের একজন মমতা রানী বিশ্বাস প্রথম আলোকে জানান, ‘জমিতে মসুর, কলাই ছিল। পুলিশ আইসে কিষান দিয়ে সেইগুলি কাটছে। এরপর জমির মাটি কাইটে রাস্তা বানানো শুরু করছে। পুলিশ আমাগে বিশ্রী ভাষায় গালাগালি করে।’ওই গ্রামের রতন পাইক (৪৪) জানান, তাঁদের জমির ফসল ও মাটি কাটতে গেলে তাঁরা পুলিশ কর্মকর্তাদের কাছে নালিশ করেন। কর্মকর্তারা বলেন এসপি মিজানুর রহমানকে জানাতে। বুধবার মিজানুর রহমান সেখানে গেলে গ্রামবাসী তাঁর কাছে ধরনা দেন। কিন্তু তিনি বলেন, রাস্তার পাশের এসব জমি তিনি কিনেছেন। রেফাত শেখ ও প্রিয় বালা পাইক (৬০) বলেন, তাঁরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে চড়-থাপড় ও ঘাড় ধাক্কা খেয়েছেন।স্থানীয়দের অভিযোগ, এসব তত্পরতার মূল লক্ষ্য ওই এলাকার ১০০ বিঘা জমি দখল। কারণ, সেখানে মধুমতী নদীর ওপর সেতু নির্মিত হচ্ছে। ওই সেতু চালু হলে সেখান থেকে মংলা বন্দরের যোগাযোগ সহজ হয়ে উঠবে। তখন এসব জমির দামও অনেক বেড়ে যাবে।গোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুজ্জামান বলেন, যাঁরাই গ্রামের লোকের পক্ষে কথা বলতে গেছেন, তাঁদের বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়েছেন এসপি মিজানুর রহমান। তিনি বলেন, আসলে সীমানায় আইল বা বেড়িবাঁধ দেওয়ার নামে এলাকার কিছু মানুষের জমি দখলের চেষ্টা চলছে।গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন বলেন, ‘আন্তজেলা সীমানা নিয়ে বাগেরহাটের সঙ্গে গোপালগঞ্জের বিরোধ আছে। বাগেরহাটের জেলা পুলিশ ৫০-৬০ জন শ্রমিক নিয়ে এসে আমাদের সীমানার ভেতর মাটি কেটে আইল তৈরি করছিল। তাদের দাবি, এটা বাগেরহাটের জায়গা।’ তিনি জানান, এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বাগেরহাট পুলিশের উত্তেজনার খবর পেয়ে তিনি ওই এলাকায় যান। দেখেন, একদিকে গ্রামবাসী, অন্যদিকে পুলিশ। কিন্তু পুলিশের বক্তব্য, এ জমি তারা কিনেছে।এসপি মিজানুর রহমান মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ বাগেরহাট জেলার সীমানার আইলটি একটু বড় করে দিতে গিয়েছিল। যাতে এর ওপর দিয়ে মানুষ হাঁটা-চলাও করতে পারে। এ জন্য বাগেরহাট জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়, একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা আছে। ফোনে যোগাযোগ করা হলে ঢাকায় অবস্থানরত গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, জেলার সীমানা নির্ধারণ পুলিশের কাজ নয়। সীমানায় আইল দেওয়ার কোনো নিয়ম নেই। আইল বড় করা বা সংস্কারের প্রশ্নই ওঠে না।এদিকে বাগেরহাট পুলিশের এসব তত্পরতার খবর গতকাল সকালেই ঢাকায় পুলিশ সদর দপ্তরে পৌঁছায়। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, এসপি মিজানুর রহমানের বেপরোয়া আচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ব্যাপারে এর আগেও তাঁর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছিল। এবারের ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিতে খুলনা পুলিশের উপমহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।