বাগেরহাটের নির্বাচনী মাঠে সক্রিয় আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ চাঙা হয়ে উঠেছে। স্থানীয় এ নির্বাচন নির্দলীয় হওয়ার কথা। কিন্তু প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি এখন তৃণমূলের এই নির্বাচন ঘিরেই পরিচালিত হচ্ছে। বাগেরহাট জেলায় প্রতিটি ইউনিয়নে দুই দলের একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। দলের নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন তাঁদের। জেলার মধ্যে একমাত্র ব্যতিক্রম ফকিরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী চারজনই আওয়ামী লীগ-যুবলীগের সমর্থক। বাগেরহাট সদর, কচুয়া ও মোরেলগঞ্জ এলাকা ঘুরে এসব তথ্য মিলেছে। সদর ও কচুয়া উপজেলায় ২ এপ্রিল এবং মোরেলগঞ্জে ৩ এপ্রিল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘আওয়ামী লীগ-বিএনপি দুই দলের কর্মীরাই বলছেন, আমরা অমুক দল করি, আমাদের প্যানেলসহ ভোট দাও। তাহলে আর নির্দলীয় নির্বাচন হলো কোথায়?’ কচুয়ার বাধাল বাজারে কথাগুলো বলেন একই উপজেলার পিংগরিয়া গ্রামের শহীদ মোল্লা। মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটীর মিত্রডাঙ্গা গ্রামের দীপক মণ্ডল বলেন, নির্দলীয় হওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির সমর্থন রয়েছে। এ কারণে সহিংসতার আশঙ্কা থেকেই যায়।স্থানীয় সূত্রে জানা যায়, দৈবজ্ঞহাটী ইউনিয়নের চারজন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগ-সমর্থিত, দুজন বিএনপি-সমর্থিত। ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এ বি এম দেলোয়ার হোসেনকে সমর্থন দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের মূলধারা। বিএনপির মূলধারা রয়েছে খান হায়দার আলীর সঙ্গে। সব প্রার্থীই দলীয় ভোটের হিসাব-নিকাশ মেলাচ্ছেন। দলীয় ভোটের ওপরই তাঁদের বিজয় নির্ভর করছে। জেলার প্রায় সবগুলো ইউনিয়নেই এভাবে উভয় দলের একাধিক প্রার্থী রয়েছেন। দুই দলের শীর্ষনেতারা নিজেদের মতো করে প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। এর ফলে দুই দলেই নির্বাচনকেন্দ্রিক বিভেদ সৃষ্টি হচ্ছে। সদর উপজেলার বেমরতা ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী এখন মুখোমুখি অবস্থানে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন টগর ও যুবলীগের জহিরুল ইসলাম মিঠু। টগর অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজন এলাকায় মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হচ্ছে। এসব কারণে ভোটের ফলাফল বদলে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম মিঠুর পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। কচুয়ার রাঢ়িপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী মুখোমুখি অবস্থানে রয়েছেন। একদিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম, অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তারের স্বামী বিএনপির নেতা ইকরাম হোসেন। নির্বাচনী মাঠে তাঁরা পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। এর ফলে সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী্র ইকরাম হোসেন অভিযোগ করেন, ‘মাঠে আমার লোকজন প্রকাশ্যে কাজ করতে পারছেন না। নির্বাচনের পর তাদের পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। সন্ধ্যার পর আমার বাড়ির সামনে পাহারা বসানো হয়, যাতে লোকজন ঢুকতে না পারে।’আওয়ামী লীগের প্রার্থী তাসলিমা বেগমের স্বামী উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়। বরং আমার মনে হচ্ছে, আমরাই বিরোধী দলে আছি। রাঢ়িপাড়ায়ই সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে।’ কচুয়ার বাধাল ইউনিয়নে প্রধান প্রার্থীদের মধ্যে তিনজন আওয়ামী লীগ সমর্থিত, দুজন বিএনপি সমর্থিত। আওয়ামী লীগের অধিকাংশ নেতারা সমর্থন দিয়েছেন আবদুল কাদের খানকে। বিএনপি বেশির ভাগ নেতা রয়েছেন আবদুল গাফফার মোল্লার পক্ষে। কচুয়ার গোয়াল মাঠ এলাকায় আলাপকালে কয়েকজন ভোটার বলেন, নির্বাচনে দলীয় প্রভাব তো পড়েই গেছে। এখন হিসাব-নিকাশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোট তাদের প্রার্থী পাবে, বিএনপির ভোটও যাবে তাদের প্রার্থীর বাক্সে। বাগেরহাটের আওয়ামী লীগ ও বিএনপির নেতারা স্বীকার করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় প্রভাব রয়েছে। অন্যদিকে নির্দলীয় নির্বাচনের ঘোষণা দিয়েও অসহায়ত্বের কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘নির্দলীয় নির্বাচন হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব থাকে। কচুয়ার সাতটি ইউনিয়নের মধ্যে বিএনপি থেকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে। দলের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সমর্থন দেওয়া হয়েছে।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের বিধির কারণে আমরা মনোনয়ন দিইনি, তবে সমর্থন দিয়েছি।’ তিনি মনে করেন, নির্দলীয় নির্বাচন আশা করা যায় না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রত্যক্ষ সমর্থন নেই। তবে দলের ব্যক্তিবিশেষের সমর্থন রয়েছে। নির্বাচনে ক্ষমতাসীনদের যে প্রভাব পড়ছে, তা কোনোভাবেই শুভ নয়।’জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন দৃশ্যত রাজনৈতিক নির্বাচন নয়। অগোচরে কিছু হয়ে থাকলে সেটা আমাদের জানার কথা নয়। তা ছাড়া কাগজে-কলমে তো কেউই দলীয় নির্বাচন করছে না।’আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তার দপ্তরে প্রতিদিন জমা পড়ছে একাধিক অভিযোগ। ফকিরহাটের বেতাগা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আকরাম হোসেনের অভিযোগ, একই দলের অপর প্রার্থী স্বপন খানের সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। নগদ অর্থ দিয়ে ভোটারদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। রামপালের উজলপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী খাজা মইনুদ্দিনের অভিযোগ, তাঁর প্রতিদ্বন্দ্বী আবুল কালাম তাঁর এলাকায় কর্মী-সমর্থকদের প্রবেশ করতে দিচ্ছেন না। শরণখোলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান দুলালের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী মহিম আকনের সমর্থকেরা তাঁর প্রচারে বাধা দিচ্ছে। প্রার্থীদের বাড়িতে এবং প্রার্থীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পদক আলী রেজা বাবু। তিনি বলেন, গোটাপাড়া ইউনিয়নের বাসারাত হোসেন, বাড়ইপাড়ার শেখ শওকত হোসেন, বিষ্ণপুর ইউনিয়নের আজিজ হাওলাদার, যাত্রাপুরের নূর মোহাম্মদ, রাখালগাছির জাফর হোসেন ও ষাটগম্বুজের তৌহিদুল ইসলামের ওপর প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকেরা হামলা করেছে। তাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বাগেরহাট পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাপ্ত অভিযোগগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।