বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আওয়ামী যুবলীগের উপজেলা শাখা একই স্থানে সভা ডাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন মাইকিং করে এ ঘোষণা দেয়। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। আজ ভোর থেকে ওই বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে উপজেলার সব ইউনিটে বর্ধিত সভা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে স্কুল মাঠে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগ এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। কিন্তু উপজেলা বিএনপি ওই স্থানে হঠাৎ সভা ডাকলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, তিন দিন আগে বিএনপির পক্ষ থেকে উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠনের জন্য ওই বিদ্যালয় মাঠ নেওয়া হয় এবং সেভাবেই এলাকায় প্রচার চালানো হয়। কিন্তু সরকারদলীয় সংগঠন ওই স্থানে একই সময় সভা আহ্বান করায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহোর আলী এই প্রতিবেদককে বলেন, উপজেলা বিএনপি এবং আওয়ামী যুবলীগের কেউই প্রশাসনের কাছ থেকে স্কুল মাঠ ব্যবহারের অনুমতি নেয়নি। গতকাল রাতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কার কথা লিখিতভাবে জানালে রাত তিনটায় মাইকিং করে স্কুল মাঠে ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওসি আবদুল খালেক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।