বাগেরহাটের সেই এসপিকে জেলা পর্যায়ে না রাখতে হাইকোর্টের নির্দেশ
সীমানা নির্ধারণের নামে আইল বেঁধে জমি দখলের অভিযোগে বাগেরহাটের সেই পুলিশ সুপার (এসপি) মীজানুর রহমানকে জেলা পর্যায়ে পুলিশের দায়িত্বে না রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কিংবা কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, তা ২০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ ছাড়া মীজানুর রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন সপ্তাহের মধ্যে জানাতে স্বরাষ্ট্রসচিব, অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকারপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী।