বাগেরহাটের সেই পুলিশ সুপার প্রত্যাহার
বাগেরহাটের সেই পুলিশ সুপার মীজানুর রহমানকে গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) বেনজির আহমেদ স্বাক্ষরিত ওই প্রত্যাহার আদেশে গতকালই তাঁকে পুলিশ সদর দপ্তরে যোগদান করতে বলা হয়েছে। তবে তাঁকে প্রত্যাহারের কোনো কারণ বলা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত বুধবার রাতে মীজানুর রহমানের নির্দেশে শতাধিক পুলিশ আর অর্ধশত শ্রমিক গোপালগঞ্জ ও বাগেরহাটের সীমান্ত গ্রাম চরগোবরায় ঢুকে পড়ে। সীমানা নির্ধারণের ঘোষণা দিয়ে তারা গ্রামবাসীর জমির ফসল কেটে নিয়ে যায়। তারা জমির মাটি কেটে সীমানার নামে আইল তৈরির চেষ্টা করে। জমিতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়। এসব কাজে বাধা দিতে গিয়ে নাজেহাল হন ওই গ্রামের একাধিক নারী-পুরুষ। প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নির্দেশে গত দুই দিনে সেই সব পুলিশ প্রত্যাহারসহ টাঙানো সাইনবোর্ড অপসারণ করা হয়।