বাঘ, সুন্দরবনের বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ চেনেন না এমন বাঙালি খুব কম আছেন। বিড়াল গোত্রের সবচেয়ে বড় এই মাংসাশী প্রাণীটি আমাদের জাতীয় পশু। জাতীয় সম্মানের সর্বোচ্চ স্মারক।মাত্র ১০০ বছর আগেও দেশের সব কটি জেলায় সংরক্ষিত বন, গ্রামীণ বনে বাঘ বাস করত। ফলে দেশের গল্পকথা, লোককাহিনি, গাথা কাব্য, রূপকথায় বাঘের বিস্তর উল্লেখ আছে।জনবিস্ফোরণ, কৃষিজমি সম্প্রসারণের কারণে বাঘের আবাস, খাদ্য এমনভাবে শেষ হয়েছে, আজ বাংলাদেশে একমাত্র সুন্দরবনের অরণ্যভূমি ছাড়া কোথাও স্থানিক বাঘ বেঁচে নেই। বাঘ গবেষক সুপ্রিয় চাকমা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের কাসালং উপত্যকায় স্থানীয় নৃগোষ্ঠী গত বছর বাঘ দেখেছেন বলে তিনি খবর পেয়েছেন। মিয়ানমার সীমান্তেও দু-একটি স্থানিক বাঘ থাকতে পারে। তবে তিনি নিশ্চিত নন, এগুলো গুলবাঘ (চিতাবাঘ) না ডোরাকাটা।উপমহাদেশ ও পশ্চিম মিয়ানমারের বাঘ দুটি কারণে বিশ্বব্যাপী বাংলা বাঘ হিসেবে পরিচিত। প্রথমত, সুইডিশ জীববিজ্ঞানী কার্ল লিনে বাঘের জাতপাত নির্ধারণে যে দুটি বাঘ পরীক্ষা করেছিলেন সে দুটিই ধরা হয়েছিল বাংলা এলাকা থেকে। দ্বিতীয়ত, অবিভক্ত বাংলায় বাঘের প্রাচুর্যের কারণে এখান থেকে বাঘ ধরে পৃথিবীর নানা চিড়িয়াখানা ভরানো হতো। ফলে প্যানথারা গণের টাইগ্রিস প্রজাতি ও উপপ্রজাতিটি (চধহঃযবৎধ ঃরমৎরং ঃরমৎরং) বিশ্বব্যাপী বাংলা বাঘ হিসেবেই পরিচিতি পায়।পৃথিবীতে এখন বাঘের আকাল চলছে। বিংশ শতাব্দীর চল্লিশের দশকে প্রকৃতিবেদরা ধারণা করেছিলেন, অবিভক্ত ভারতবর্ষে ৪০ হাজার বাঘ আছে। সত্তরের দশকেই ভারতে বাঘের সংখ্যা (প্রাকৃতিক পরিবেশে) এক হাজার ৮০০-তে নেমে আসে। বাঘ সংরক্ষণ করায় আশির দশকে ভারতে বাঘের সংখ্যা দাঁড়ায় আড়াই হাজার। এখন আবার কমছে।আমাদের সৌভাগ্য, পৃথিবীর বাঘের একক বনভূমি হিসেবে সুন্দরবনে বাঘের ঘনত্ব যেমন অন্যান্য জঙ্গলের চেয়ে বেশি। ভারতীয় এলাকা মিলিয়ে সবচেয়ে বেশি বাঘ বাস করে সুন্দরবনে।সম্ভবত শিকারের পিছু নিয়ে উত্তর থেকে বিতাড়িত হয়ে প্রায় দেড় হাজার বছর আগে সুন্দরবনে বাঘ স্থান করে নেয়। স্বেচ্ছায় সুন্দরবনের মতো সীমিত শিকার, অস্থিতিশীল বন বাঘের বেছে নেওয়ার কথা নয়। বললে অবান্তর হবে না, চিতাবাঘের মতো অত্যন্ত মানিয়ে নেওয়া প্রাণী সুন্দরবনে ঢোকেনি।পৃথিবীর আট উপপ্রজাতির বাঘের মধ্যে সুন্দরবনের বাঘকে মাঝারি আকারের বলা যায়। পূর্ণ বয়সী বাঘ-বাঘিনীর গায়ের রং কমলা-হলদে রঙের। উত্তর বঙ্গ বা আসামের বাঘের চেয়ে গাঢ় রঙের। দেহের লোম অপেক্ষাকৃত ছোট। সবচেয়ে বড় যে বাঘটি মাপার সৌভাগ্য হয়েছিল সেই পুরুষ বাঘটি লেজের শেষ থেকে নাকের ডগা পর্যন্ত লম্বায় ছিল নয় ফুট তিন ইঞ্চি। শিকারি পচাব্দী গাজী ১৯৬৮ সালে আঠারোবাঁকি অঞ্চলে যে মানুষখেকো বাঘটি মেরেছিলেন সেকালের পত্রপত্রিকায় বাঘটির মাপ উল্লেখ করা হয়েছিল পৌনে ১২ ফুট।প্রকৃতির খেয়ালে অনেক বনেই অতিকায় বাঘের দেখা পাওয়া গেছে। সাধারণত পুরুষ বাঘের চেয়ে মেয়ে বাঘ ফুটখানেক ছোট হয়। গড়পড়তা সুন্দরবনের বাঘের ওজন ১২৫ কেজি, মেয়ে বাঘ ১০০ কেজির মতো।সুমাত্রান বাঘের হাতার আঙুলের ফাঁকায় হালকা পর্দার মতো আছে। সুন্দরবনের বাঘের সে রকম না থাকলেও এরা সাঁতারে অত্যন্ত পটু। সাত আট কিলোমিটার জোয়ারি নদী এরা অনায়াসে পার হয়ে যায়।সুন্দরবনের বাঘের প্রধান খাবার হচ্ছে চিত্রা হরিণ ও বন্য শূকর। এ ছাড়া মায়া হরিণ (শুধুমাত্র পূর্ব সুন্দরবনে আছে), বানর, গুঁইসাপ, নির্বিষ সাপ, ভোঁদরসহ ছোট প্রাণী খেয়ে থাকে। বর্ষাকালে কাঁকড়া, মাছও এদের খাদ্য তালিকায় স্থান নেয়। শুধু নিজেই শিকার করে না, বনে মারা পড়া যেকোনো প্রাণী পচাগলা অবস্থায়ও বাঘ খেয়ে নেয়।সুন্দরবনের বাঘের মিলন ঋতু অক্টোবর থেকে জানুয়ারি। বছরের অন্য সময়ও মিলিত হবে না এমনও নয়। বাচ্চা দেয় সাধারণত তিনটি, বাঁচে একটি কি দুটি। সন্তান পালন, শিকার শিখানোর দায় মায়ের। বাঘ স্থানিক প্রাণী। প্রত্যেকে নিজ নিজ শিকারক্ষেত্র বেছে নেয়। পুরুষ বাঘ তিন বছর, মেয়ে বাঘ সাড়ে তিন বছর বয়সে মাকে ছেড়ে নিজের জায়গা ঠিক করে নেয়। জঙ্গলে বাঘের মধ্যে পরস্পর মারামরি খুব কম ঘটে।পৃথিবীর অন্য বাঘের চেয়ে সুন্দরবনের বাঘের মানুষ মারার কুখ্যাতি বেশি। এর অনেক কারণ থাকলেও প্রধান কারণ খাদ্য ঘাটতি। কটকা এলাকায় খাদ্য ঘাটতি না থাকায় গত ৫০ বছরে সেখানে বাঘ মানুষ ধরার চেষ্টা করেনি। অথচ কটকায় বাঘ যেমন বেশি আছে, মানুষও তেমনি বেশি ঢোকে।২০০৪ সালের বাঘ শুমারি অনুযায়ী, বাংলাদেশ সুন্দরবনে বাঘ রয়েছে ছোট-বড় মিলিয়ে ৪৬০টি। হিসাবটি খুব বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে জঙ্গলের ধারণক্ষমতা, শিকার প্রাণীর বিস্তৃতি ধরলে। সিডর ও আইলার মতো পরপর দুটি মারাত্মক জলোচ্ছ্বাসে বাঘের যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে পরিমাণ নিরূপিত হয়নি।সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাঘ রক্ষা করতে হলে সুন্দরবনের আশপাশের অধিবাসীদের সচেতন, জঙ্গলনির্ভরতা কমানো এবং বাঘের প্রয়োজনীয়তা বোঝাতে হবে। শহরগুলোতে বাঘের ব্যাপারে আমরা কী ভাবছি, বাঘের তাতে কিছু যায় আসে না।বিশ্ব বাঘ দিবসের কর্মসূচিআজ বৃহস্পতিবার ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। সারা বিশ্বে বিপন্নপ্রায় বাঘের সংরক্ষণে বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে। বিশ্বব্যাংক বিশ্ব বন্যপ্রাণী তহবিলের আর্থিক সহায়তায় বাঘ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, পদযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।সকাল সাড়ে আটটায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বন অধিদপ্তরের আয়োজনে হবে সমাবেশ। সেখান থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা। এতে নেতৃত্ব দেবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে সাড়ে নয়টায় শুরু হবে দিবসের প্রতিপাদ্য ‘বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন’ শীর্ষক আলোচনা। বাঘ নিয়েও আলোকচিত্র প্রদর্শনী হবে।