বাঘ কিংবা হাতি হত্যা করলে ১২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ বা হাতি হত্যার জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের বিধান রেখে বন্য প্রাণী (সংরক্ষণ) বিল-২০১১ সংসদে উত্থাপিত হয়েছে। শাস্তির সঙ্গে ১৫ লাখ টাকা অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে।প্রস্তাবিত এই আইনে এক হাজার ৩২৩ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ চিহ্নিত করা হয়েছে। চারটি তফসিলে এই প্রাণী ও উদ্ভিদদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করেন। পরে বিলটি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণীর গুরুত্ব অপরিসীম। কিন্তু স্বাধীনতা-পূর্বকালে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে অনেক প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এরই মধ্যে দেশ থেকে গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা, নীলগাই, বন ছাগলসহ অনেক বন্য প্রজাতি হারিয়ে গেছে। এইউসিএনের রেড ডাটা বুক (২০০০) অনুসারে আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরীসৃপ, ৪১ প্রজাতির পাখি ও ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।বিলে বলা হয়েছে, যেকোনো সরকারি বনভূমিকে ইকোপার্ক, সাফারি পার্ক, উদ্ভিদ উদ্যান বা ক্ষেত্র ও বন্য প্রাণী প্রজননকেন্দ্র হিসেবে ঘোষণা করা যাবে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা কারও কাছ থেকে বন্য প্রাণী, বন্য প্রাণীর শরীরের কোনো অংশ, মাংস, ট্রফি বা কোনো দ্রব্য কিনলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকার জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। পাখি বা পরিযায়ী পাখি হত্যা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।প্রস্তাবিত এই আইনে চারটি তফসিলে উভচর ৩২ প্রজাতি, সরীসৃপ ১৫৮ প্রজাতি, পাখি ৬২২ প্রজাতি, স্তন্যপায়ী ১১৩ প্রজাতি, মাছ ৫২ প্রজাতি, পূর্ব নিডারিয়া ৩২ প্রজাতি, শামুক ও ঝিনুক ১৩৭ প্রজাতি, কাঁকড়া ও লভস্টার ২২ প্রজাতি ও মথ ৫৯ প্রজাতি, কীটপতঙ্গ ২৪ প্রজাতি, ভারমিন ৬ প্রজাতি, উদ্ভিদ ৫৭ প্রজাতি এবং অর্কিড ১৩ প্রজাতি চিহ্নিত করা হয়েছে।প্রস্তাবিত আইন অনুসারে, সরকারি বন, সরকারি ভূমি, জলাভূমি বা যেকোনো নির্দিষ্ট এলাকাকে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা যাবে। অভয়ারণ্যে কেউ চাষাবাদ, শিল্প-কারখানা স্থাপন, উদ্ভিদ আহরণ ও ধ্বংস করতে পারবে না। কেউ এসব বাধা-নিষেধ লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে।ভবঘুরে আইন পাস: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের জাতীয় উন্নয়নের মূলস্রোতধারায় আনতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১ আজ সংসদে পাস হয়েছে।এ আইন পাস হওয়ায় কোনো ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তি অনুমতি ছাড়া আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে বা পালিয়ে গেলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি সংসদে উপস্থাপন করেন। আইনটির ওপর যাচাইবাছাই প্রস্তাব এবং সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়। পরে আইনটি কণ্ঠভোটে পাস হয়। ভবঘুরে আইন পাসের মাধ্যমে ‘বেঙ্গল ভ্যাগরেন্সি অ্যাক্ট, ১৯৪৩’ বিলুপ্তি হয়েছে।