বাঘ বাঁচাতে বৈশ্বিক সমন্বিত কর্মব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘ সংরক্ষণে বিশ্বব্যাপী জোরদার কার্যক্রম নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পৃথিবীতে মানুষের সুন্দরভাবে বসবাসের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বাঘসহ সব ধরনের প্রাণীর বিলুপ্তি রোধ করতে হবে। শেখ হাসিনা আজ মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ নগরে দি রাশিয়া ফেডারেশন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত বাঘ সংরক্ষণ শীর্ষ সম্মেলনের ভাষণে এ কথা বলেন।‘আমাদের এ কথা ভুললে চলবে না যে আমাদের বেঁচে থাকার এবং অগ্রগতির জন্য যেসব সম্পদ ও উপকরণের প্রয়োজন, এর সবকিছুই আসে প্রকৃতি থেকে’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাঘ সংরক্ষণ সংক্রান্ত সেন্ট পিটার্সবার্গের শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণে কার্যকর উপায় বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেখ হাসিনা বলেন, বিশ্বের যে ১৩টি দেশে বাঘের আবাসস্থল রয়েছে, সেসব দেশের সরকারের প্রধানেরা এবং প্রতিনিধিদের এ শীর্ষ সম্মেলনে উপস্থিতির মাধ্যমে বাঘ রক্ষার আগ্রহ প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, বাঘ এবং বাঘের আবাসস্থল রক্ষা করার অর্থ হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করা।কনস্টান্টি নভোস্কি প্যালেসের মার্বেল হলে অনুষ্ঠিত সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশনে অন্যান্যের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বক্তব্য দেন। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি সমন্বিত অঙ্গীকার এবং কর্মদ্যোগ বিরল প্রজাতির প্রাণী বাঘ ও তার বাসস্থান নিশ্চিহ্ন হওয়া থেকে রক্ষা করতে সক্ষম হবে।এ শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে ১২ বছরের মধ্যে বাঘ প্রজাতি বিলুপ্ত হতে পারে—বিশেষজ্ঞদের কাছে এই আশঙ্কা তুলে ধরা এবং বাঘ শিকার বন্ধ এবং বাঘের আবাসস্থল ধ্বংস বন্ধে জরুরিভাবে কার্যকর পরিকল্পনা নেওয়া।বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড ও উত্তর কোরিয়া এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সম্মেলনে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি সেই দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশে বিরল প্রজাতির প্রাণী রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। এটি বাংলাদেশের জাতীয় পশু।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত শতাব্দীতে বিশ্বে এক লাখ বাঘ ছিল। এ সংখ্যা এখন তিন হাজার ৭০০-এর কাছাকাছি দাঁড়িয়েছে। এটাকে তিনি দুঃখজনক হিসেবে অভিহিত করেন। শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার আছে। বাঘের এই সংখ্যা হ্রাসের অন্যতম কারণ হচ্ছে নির্বিচারে শিল্প-কারখানা তৈরি এবং অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি। মানুষ নিজের প্রয়োজন মেটাতে অবাধে বনের গাছ কাটছে। কাঁচামালের প্রয়োজন মেটাচ্ছে। এতে বাঘসহ অন্যান্য প্রাণীর প্রাকৃতিক আবাসভূমি ধ্বংস হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সর্ববৃহত্ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের বসবাস।বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে এই সুন্দরবন—এ কথা উলে্লখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব ও পরিবেশের এক অনন্য নিদর্শন এই বনভূমিকে ইউনেস্কো ১৯৯৭ সালে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করেছে।বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, সাইক্লোন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ইত্যাদি কারণে সুন্দরবনের অস্তিত্ব আজ হুমকির মুখে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সুন্দরবনকে রক্ষায় এবং বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে প্রতিষ্ঠিত করার জন্য www.new7wonders.com ওয়েবসাইটে ক্লিক করে এই সবুজ প্রাকৃতিক বিস্ময়ের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, সাংসদ এ কে এম রহমতউল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত, শেখ রাসেল শিশু-কিশোর সংস্থার সভাপতি কে এম শহীদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বাসস