প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘ সংরক্ষণে বিশ্বব্যাপী সমন্বিত কর্মব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব বাঘ শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, পৃথিবীতে মানুষের সুন্দরভাবে বসবাসের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘ প্রজাতিসহ সব প্রাণীর বিলুপ্তি রোধ করতে হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘এ কথা ভুললে চলবে না যে আমাদের বেঁচে থাকার এবং অগ্রগতির জন্য যেসব সম্পদ ও উপকরণের প্রয়োজন, তার সবকিছুই আসে প্রকৃতি থেকে।’ তিনি বলেন, বাঘ সংরক্ষণসংক্রান্ত সেন্ট পিটার্সবার্গের শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণে কার্যকর উপায় বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে ১৩টি দেশে বাঘের আবাসস্থল রয়েছে, সেসব দেশের সরকারপ্রধানেরা এবং প্রতিনিধিদের এ শীর্ষ সম্মেলনে উপস্থিতির মাধ্যমে বাঘ রক্ষার আগ্রহ প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, ‘বাঘ ও বাঘের আবাসস্থল রক্ষার অর্থ হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করা।’ শেখ হাসিনা বলেন, নতুনভাবে বাঘের আবাসস্থলের জন্য বন সম্প্রসারণ করতে পারলে ক্ষতিকর কার্বন শোষণে যেমন সহায়ক হবে, তেমনি জীববৈচিত্র্য ও পরিবেশের উন্নয়নেও কাজ করবে। বস্তুতপক্ষে পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্য প্রাণী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে বলে তিনি উল্লেখ করেন।কনস্টান্টিনোভস্কি প্যালেসের মার্বেল হলে অনুষ্ঠিত সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অন্যান্যের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বক্তব্য দেন। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, একটি সমন্বিত অঙ্গীকার এবং কর্মোদ্যোগ বিরল প্রজাতির প্রাণী বাঘকে এবং তাদের বাসস্থান নিশ্চিহ্ন হওয়া থেকে রক্ষা করতে সক্ষম হবে। তিনি বলেন, গত শতাব্দীতে বিশ্বে এক লাখ বাঘ ছিল। এ সংখ্যা এখন তিন হাজার সাত শর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড ও উত্তর কোরিয়া এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে।শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার আছে। বাঘের এই সংখ্যা কমার অন্যতম কারণ হচ্ছে, নির্বিচারে শিল্পকারখানা তৈরি এবং অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি। মানুষ নিজের প্রয়োজন মেটাতে গিয়ে অবাধে বনের গাছ কেটে কাঁচামালের প্রয়োজন মেটাচ্ছে। তাতে বাঘসহ অন্যান্য প্রাণীর প্রাকৃতিক আবাসভূমি ধ্বংস হচ্ছে। সুন্দরবনের অস্তিত্ব আজ হুমকির মুখে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের তালিকায় সুন্দরবনকে প্রতিষ্ঠিত করতে www.new7wonders.com ওয়েবসাইটে ক্লিক করে এই সবুজ প্রাকৃতিক বিস্ময়ের পক্ষে সমর্থন জানাতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনার একটি ভোট সুন্দরবনকে বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনে সাহায্য করবে। এতে রক্ষা পাবে বাঘসহ লাখ লাখ উদ্ভিদ ও প্রাণী।’যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বাঘ সম্মেলনে যোগদানের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব সম্প্রদায় রয়েল বেঙ্গল টাইগারসহ বিপন্ন প্রাণী ও ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন রক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়াবে। তিনি বলেন, বাঘ না বাঁচলে সুন্দরবন বাঁচবে না আর সুন্দরবন না থাকলে দুর্যোগের কারণে বাংলাদেশকে বাঁচানো যাবে না।গতকাল বিকেলে কনস্টান্টিনোভেস্কি প্রাসাদের মিডিয়া হলে বাঘ সংরক্ষণসংক্রান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, লাওসের প্রধানমন্ত্রী বুয়াসোন বুফাভানহ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকও বক্তব্য দেন।হাসিনা-পুতিন বৈঠক: প্রধানমন্ত্রী বিশ্ব বাঘবিষয়ক সম্মেলনের পাশাপাশি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতে মস্কোর সহায়তা কামনা করেন।মুক্তিযুদ্ধকালে এবং স্বাধীনতা-উত্তরকালে নবীন বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাশিয়ার সহায়তার কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী গ্যাস অনুসন্ধান, নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোর সংস্কার সাধনে রাশিয়ার সহায়তা চান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উভয় দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।প্রধানমন্ত্রী উল্লে¬খ করেন, বাংলাদেশের বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামোর ৪০ শতাংশ রাশিয়ার সহায়তায় স্থাপন করা হয়েছিল। তিনি দেশের বিদ্যুৎ সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যে রাশিয়ার সহায়তা প্রত্যাশা করেন।রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লে¬খ করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে তাঁর দেশের অব্যাহত সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া উভয় প্রধানমন্ত্রী সন্ত্রাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।শেখ হাসিনা ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশের জলসীমায় মাইন অপসারণে রাশিয়ার মাইন সুইপারদের অবদানের কথা উল্লেখ করেন এবং এ মাইন অপসারণকালে জীবনদানকারী রাশিয়ার ৪০ জন সেনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পদ্মা সেতু তহবিল দ্রুত ছাড়ে বিশ্বব্যাংকের আশ্বাস: বিশ্বব্যাংক বাংলাদেশকে পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড়ের আশ্বাস দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অতিথি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনার অনুরোধে জোয়েলিক এ আশ্বাস দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শিগগিরই শুরু করার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, অচিরেই বিশ্বব্যাংক প্রতিশ্রুত তহবিল ছাড় করা না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটবে।